সুপারি পচাতে কাফনা দূষণ
নদীর প্রায় এক কিলোমিটার অংশ দখল করে বাঁশের আড় দেওয়া হয়েছে। নিচে কয়েকটি স্তরে রাখা হয়েছে সুপারির বস্তা। এভাবে সুপারি পচাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের কাফনা নদী দখল করে দূষণ চলছে।সিলেট অঞ্চলের সুপারি ব্যবসায়ীরা আগে সুরমা নদীতে সুপারি পচাতেন। কিন্তু নদী দখল ও দূষণ একই সঙ্গে চলায় পরিবেশ অধিদপ্তর সুরমা থেকে সুপারি পচানোর ব্যবসা উচ্ছেদ করে। স্থানীয় লোকজন জানান, পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিতে এবার শুকনো মৌসুমের শুরু থেকে কাফনা নদী দখল করে এ ব্যবসা শুরু হয়েছে। কাফনা সিলেটের বিখ্যাত সারী নদীর সঙ্গে মিলিত হয়ে জৈন্তাপুরের হরিপুর দিয়ে প্রবাহিত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরের সেতুর নিচ থেকে প্রায় এক কিলোমিটার অংশের পুরোটাই বাঁশের আড় বসিয়ে বেড়া দেওয়া। নিচে চার থেকে ছয়টি স্তরে সুপারির বস্তা রাখা। নদীতে পানি কমায় সুপারি পচার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।নদীতীরবর্তী বাসিন্দারা জানান, শীতকালে এ নদীর পানি কোমরসমান থাকে। এ সময় নৌকা চলাচল না করলেও আশপাশের ১৫ গ্রামের বাসিন্দারা নদীতে গোসলসহ রোজকার কাজ সারেন। কিন্তু সুপারির বস্তা রাখায় নদীর পানি ব্যবহার নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কাফনার তীরবর্তী হাদাপাড়া গ্রামের বিলাল মিয়া ও শ্যামপুরে বাবুল মিয়ার নেতৃত্বে স্থানীয় কিছু লোক নদী দখল করে সুপারি পচানোর ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। বাবুল মিয়া নিজেও সুপারির ব্যবসায়ী। হরিপুর বাজারে তাঁর সুপারির আড়ত রয়েছে। সুপারি পচাতে বস্তাপ্রতি টাকা নেন তিনি। এক বস্তা সুপারি সর্বোচ্চ আড়াই মাস রাখলে বস্তাপ্রতি তিন টাকা করে নেন।এ ছাড়া নদীতে কাজির বাজারের মেসার্স আবদুর রহিম শিকদার অ্যান্ড সন্স, মেসার্স হারুনুর রশিদ অ্যান্ড সন্স, মেসার্স লালমোহন এজেন্সি ও মেসার্স সেলিম ব্রাদার্সের সুপারি মজুত রয়েছে।সুপারি ব্যবসায়ী সেজে যোগাযোগ করলে বাবুল মিয়া তাঁর তত্ত্বাবধানে সুপারি ব্যবসার কথা স্বীকার করে বলেন, ‘আমি নদী লিজ আনছি। যার যেভাবে দরকার ব্যবসা করতে পারবা!’ পরে সংবাদকর্মী পরিচয় দিয়ে জানতে চাইলে বাবুল দাবি করেন, উপজেলা প্রশাসন থেকে বন্দোবস্ত এনে তিনি এ ব্যবসা করছেন। তবে জৈন্তাপুর ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘কাফনা নদীতে ব্যবসা করার কোনো অনুমতি উপজেলা প্রশাসন কাউকে দেয়নি। সরেজমিনে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’