সুপারিশ করেছিলেন আ.লীগের দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের যুবলীগের নেতা আতিকুল ইসলাম ওরফে মোর্শেদের বিরুদ্ধে দায়ের করা রেজাউল করিম হত্যা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সুপারিশ করেছিলেন। রেজাউল হত্যা মামলা প্রত্যাহার-সংক্রান্ত তথ্যের জন্য টাঙ্গাইলের সরকারি অভিযোক্তা (কৌঁসুলি) এস আকবর খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরে ১৩ জুন প্রথম আলোর পক্ষ থেকে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় এ-সংক্রান্ত তথ্য চেয়ে জেলার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী হাকিম ভাস্কর দেবনাথ ২ জুলাই এ-সংক্রান্ত লিখিত তথ্য সরবরাহ করেন।
সরবরাহ করা তথ্য থেকে জানা গেছে, মোর্শেদ নিজেকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য দাবি করে রেজাউল হত্যা মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। তাঁর ওই আবেদনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান সুপারিশ করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের অভিযোক্তা এস আকবর তাঁর লিখিত মতামত দেন। তিনি উল্লেখ করেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্যাতনমূলক হিসেবে দাবি করে তা প্রত্যাহারের সুপারিশ করেছেন। এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারঘোষিত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’ ২০১০ সালের ৯ আগস্ট মামলা প্রত্যাহার কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয় এবং মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়।
জেলা যুবলীগের সদস্য মোর্শেদের বিরুদ্ধে ২০০৪ সালের ১৪ নভেম্বর সদর থানায় ছাত্রদলের কর্মী রেজাউল হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মোর্শেদসহ তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। টাঙ্গাইলের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাটি চলতি বছরের ২২ মে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়। এর এক মাস পর ২৩ জুন দেলোয়ার হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মোর্শেদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গতকাল শুক্রবার বলেন, মোর্শেদ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।