সুপারিশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সমালোচনায় শিল্পমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়ে দ্বিতীয় দফায় সংসদীয় কমিটির সমালোচনায় পড়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি সরকারি হিসাব কমিটির সুপারিশ প্রত্যাহারের জন্য সংসদীয় কমিটিকে অনুরোধ জানিয়েছেন। এ নিয়ে গতকাল সোমবার সংসদীয় কমিটিতে তুমুল হইচই হয়েছে। সরকারি হিসাব কমিটি একটি সাংবিধানিক কমিটি। কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে কমিটির এই বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সদস্য খান টিপু সুলতান প্রথম আলোকে বলেন, এ ধরনের চিঠি বিধিসম্মত নয়। তাই কমিটি চিঠিটি আমলে নেয়নি।বৈঠক সূত্র জানায়, সম্প্রতি কমিটি প্রগতি ইন্ডাস্ট্রিজ ও ইস্টার্ন টিউবসহ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) আরও কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি টাকার অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি করাসহ আরও কিছু সুপারিশ করে। দিলীপ বড়ুয়া কমিটির এসব সুপারিশ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়ে সংসদীয় কমিটিকে চিঠি দিয়েছেন। এ নিয়ে গতকাল সংসদীয় কমিটিতে সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কমিটি ভবিষ্যতে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য শিল্পমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দিলীপ বড়ুয়া কোনো মন্তব্য করেননি। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে প্রসঙ্গটি উত্থাপন করেন সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি বলেন, সরকারি হিসাব কমিটি সাংবিধানিক। এই কমিটির সুপারিশ প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে মন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন। বৈঠকে জ্যেষ্ঠ সাংসদ আলী আশরাফ বলেন, কোনো মন্ত্রণালয় কখনোই কোনো কমিটির সুপারিশ প্রত্যাহারের অনুরোধ জানায় না। শিল্পমন্ত্রী কমিটিকে যে চিঠি দিয়েছেন, তা নজিরবিহীন। মন্ত্রীর সৌভাগ্য যে এ দেশের সংসদীয় কমিটিতে গণমাধ্যম উপস্থিত থাকতে পারে না। বিরোধী দলের কোনো সদস্য বৈঠকে উপস্থিত থাকলে বিষয়টি বড় ইস্যু হতো। প্রসঙ্গত, এর আগে বিসিআইসির মাধ্যমে নিম্নমানের সার আমদানির কারণে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দিলীপ বড়ুয়ার ওপর ক্ষুব্ধ হয়।বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, চিফ হুইপ আব্দুস শহীদ, ইমাজ উদ্দিন প্রামাণিক ও খান টিপু সুলতান অংশ নেন। এ ছাড়া বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও বিএসইসির কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।