সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ধসের ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।কমিটি মনে করে, ওই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। এ-সংক্রান্ত আইনের দুর্বলতার কারণেও অনেকে ধরাছোঁয়ার বাইরে থাকছেন। সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খালেদুর রহমান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ অংশ নেন।অর্থ মন্ত্রণালয়, এসইসির চেয়ারম্যান ও সদস্য, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভাসূত্র জানায়, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে এসইসিকে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এসইসিকে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। সভায় বলা হয়, পুঁজিবাজার নিয়ে তদন্ত কমিটির সুপারিশ অনুসারে কাজ করতে পারলে অনেক সমস্যার সমাধান সম্ভব। সভায় পুঁজিবাজার নিয়ে বুঝে কথা বলতে সবাইকে পরামর্শ দেওয়া হয়।সভায় বাংলাদেশ ফান্ড গঠনের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তার পাশাপাশি বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে বিশেষ কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে কাজ করার সুপারিশ করা হয়।সভা শেষে কমিটির সদস্য বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার নিয়ে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে বাজারে অস্থিতিশীল পরিবেশের ঘটনা বন্ধ হবে বলে কমিটি মনে করে। তিনি বলেন, তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল, তা এসইসি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না। এসব সুপারিশ বাস্তবায়ন করতে হলে প্রচলিত আইনেরও কিছু পরিবর্তন করা দরকার। কমিটি এসইসিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে।বীরেন শিকদার বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কমিটিকে অবহিত করতে এসইসিকে পরামর্শ দেওয়া হয়েছে।