সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সংসদ কমিটির ক্ষোভ
জাতীয় সংসদের সংসদ কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই কমিটির সদস্যরা। তাঁরা বলেছেন, সুপারিশ বাস্তবায়িত না হলে এমন কমিটি রেখে লাভ কী?বিরোধী দলের সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কমিটি থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি অন্য সদস্যদেরও কমিটি থেকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।কমিটির সভাপতি ও চিফ হুইপ আবদুস শহীদের সভাপতিত্বে গতকাল সোমবার সংসদ ভবনে এই সভা হয়। সভায় সদস্যরা গণপূর্ত বিভাগ, পুলিশ বিভাগসহ অন্যান্য সরকারি দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে কমিটির সুপারিশ অনুযায়ী কাজ না করায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের কমিটির সামনে হাজির করে দাঁড় করিয়ে রাখার প্রস্তাব করা হয়। সদস্যদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে সভাপতি আগামী ৫ আগস্ট কমিটির পরবর্তী বৈঠক আহ্বান করেছেন।বৈঠক শেষে বিএনপির সাংসদ আশরাফ উদ্দিন নিজান প্রথম আলোকে বলেন, ‘সংসদ কমিটির বৈঠক নিয়মিত হয় না। ছয় মাস পর আজ বৈঠক হলো। এভাবে তো একটি কমিটি চলতে পারে না। সংসদ সদস্যরা কোনো বিভাগকে কোনো কাজের জন্য বললে তারা তা করে না। আমি বলেছি, যে কমিটির কথা সরকারের কর্মকর্তারা শোনেন না, সেই কমিটি রেখে লাভ কী? আমাদের সবার পদত্যাগ করা উচিত।’ সূত্র জানায়, নিজান ক্ষোভের সূত্রপাত ঘটালে অন্য সাংসদেরা তাঁকে সমর্থন জানান।বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, ‘সংসদ ভবন এলাকায় ট্রাফিক পুলিশ রাখার জন্য একাধিকবার বলা হলেও তা করা হয়নি। তাই কমিটির সদস্যরা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে আরও কঠোর হতে বলেছেন।’ বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, হাফিজ উদ্দিন আহম্মেদ, আবদুল কুদ্দুস, আতিউর রহমান আতিক, এ বি এম আশরাফ উদ্দিন নিজান ও এম এ মান্নান অংশ নেন।