অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। আদালত বলেছেন, এটাই শেষ সময়। আর সময় দেওয়া হবে না। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। গত বছরের ১ অক্টোবর আদালত বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে এক মাস সময় দেন। একই সঙ্গে ৪ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেন। ধার্য তারিখে আদালত আরও এক মাস বাড়িয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। ওই দিন রাষ্ট্রপক্ষকে এক মাসের সময় দিয়ে আপিল বিভাগ ১০ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।