অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ এক মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় নির্ধারণ করে দেন। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। গত ১৯ জুলাই এ-সংক্রান্ত আদেশ বাস্তবায়ন করে ১ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে অর্থসচিবকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। গতকাল এ বিষয়ে শুনানি হয়। তবে ওই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে ২০ সেপ্টম্বর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের প্রস্তাব তুলে ধরেন। একপর্যায়ে আদালত বলেন, অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও বিচার বিভাগীয় কর্মকর্তারা সকাল আটটা থেকে রাত পর্যন্ত কাজ করেন। অনেককে শুক্রবারও কাজ করতে দেখা যায়। এগুলো দেখার কেউ নেই। মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। জানা যায়,পরে কমিশন গঠন করা হয়। ২০০৮ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। পরে বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।