সুপারিশ বাস্তবায়নে ৫ মন্ত্রণালয় ও বিভাগকে স্বরাষ্ট্রের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক, টুইটার ও ইউটিউবে আপত্তিকর তথ্য যাতে আসতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে (ফিল্টারিং) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রামুর ঘটনার মতো স্পর্শকাতর বিষয় এড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রামুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আরও ১১টি সুপারিশ বাস্তবায়নের জন্য পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কক্সবাজারের রামুতে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধবিহার, মন্দির, বসতি ও দোকানপাটে সংগঠিত হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম এ কমিটির প্রধান ছিলেন। কমিটি এ ঘটনার ব্যাপারে ২২টি সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি বাতিল করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনে রামুতে হামলার ঘটনায় মাদ্রাসা এ জমিয়াতুল উলুমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ওই মাদ্রাসার ছাত্ররা মন্দিরে হামলা চালায়। এতে মাদ্রাসার নয়জন শিক্ষকও জড়িত ছিলেন। কমিটির তদন্তের তাঁদের নামও পাওয়া যায়। অভিযুক্ত শিক্ষকেরা হলেন: হাবিব উল্লাহ, রমজান আলী, হাফেজ ইসমাইল, আবদুল হাকিম, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল বাশার, কামাল উদ্দিন ও আবুল হাকিম। সূত্র জানায়, একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার সব উপজেলা ও ইউনিয়নে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই জেলার পুলিশ সুপার ও উপকমিশনারদের এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, দুই জেলায় কর্মরত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে প্রতি মাসে একবার করে সমন্বয় সভা করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীরা যাতে ক্যাম্পের বাইরে অবস্থান করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। চিঠিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কাজ এক মাসের মধ্যে শেষ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া অপর এক চিঠিতে বলা হয়, এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।পুলিশের মহাপরিদর্শককে লেখা চিঠিতে বলা হয়, এ ঘটনায় দায়ের করা মামলা তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।চিঠির ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে মামলার তদন্ত ও তদারকির ব্যবস্থা করা হয়েছে।