সুপারিশে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভিন্নমত
বিদ্যুৎ খাতের ‘সেক্টর লিডারস ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালার একটি সুপারিশের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এই ভিন্নমতের কথা বলেন।
ওই সুপারিশে বলা হয়, দেশে বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে প্রবৃদ্ধি বেশি। কিছুদিনের মধ্যেই বেসরকারি খাতের উৎপাদন সরকারি খাতকে ছাড়িয়ে যেতে পারে। এই প্রবণতা রোধ করার জন্য সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো দরকার।
প্রতিমন্ত্রী এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, বেসরকারি খাতের তুলনায় সরকারি খাতে উৎপাদন বেশি থাকতেই হবে, এমন ধারণা পোষণ করা ঠিক নয়। বরং বেসরকারি খাতের অংশগ্রহণ যত বাড়বে, ততই ভালো। সরকারের প্রধান কাজ হওয়া উচিত নীতি প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। তা ছাড়া বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাও সরকারি কোম্পানির অধীনে পরিচালিত। উৎপাদনে বেসরকারি খাত এগিয়ে গেলে অসুবিধা হওয়ার কথা নয়।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনের এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান শাহীনুল ইসলাম খান, পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন। বিদ্যুৎ খাতের সবগুলো সংস্থার কর্মকর্তারা দুই দিনের এই দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় অংশ নেন।