সুপারিশের কমতি নেই, শুধু কাজটা করা বাকি

ভারী বৃষ্টি হলে পাহাড়ধসের বিষয়ে আগাম বার্তা দেওয়ার চারটি যন্ত্রও নষ্ট। ঠিক করার উদ্যোগ নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসে প্রাণহানির ঘটনা দেশে নতুন কিছু নয়। প্রাণহানির সংখ্যা বেশি হলে নিয়মমাফিক তদন্ত কমিটি হয়। এসব কমিটি নানা সুপারিশও করে। এর সবই জানা কথা। বাস্তবতা হচ্ছে সেসব সুপারিশের বেশির ভাগই কাগজে থাকে, বাস্তবায়ন হয় না। অন্যদিকে পাহাড়ধস রোধে প্রযুক্তিগত দিকও রয়েছে। ভারী বৃষ্টি হলে পাহাড়ধসের বিষয়ে আগাম বার্তা দেওয়ার যান্ত্রিক ব্যবস্থাপনা মানুষকে সতর্ক করার কার্যকর একটি উপায়। ১১ বছর আগে পাহাড়ধসের জন্য ঝুঁকিপূর্ণ চার এলাকায় স্থাপন করা যন্ত্রগুলোও এখন নষ্ট হয়ে গেছে। সেগুলো সারানোর চেষ্টাও নেই।

এরই মধ্যে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার কক্সবাজারে পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন রোহিঙ্গাও আছেন।

গত ২০ বছরে দেশে পাঁচ শতাধিক মানুষ পাহাড়ধসে মারা গেছে। ‘ডিজাস্টার রিস্ক গভর্ন্যান্স ফর ডিস্ট্রিক্ট-লেভেল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ইদ্রিস আলম। ইন্টারন্যাশনাল জার্নাল অব ডিজাস্টার রিস্ক রিডাকশন সাময়িকীতে চলতি বছর এ গবেষণা প্রকাশিত হয়েছে।

গত দুই দশকের মধ্যে ২০০৭ সালের জুনে চট্টগ্রামে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যু হয়। আর ২০১৭ সালের জুনে পার্বত্য তিন জেলাসহ ছয় জেলায় পাহাড়ধসে ১৬৮ জন নিহত হন। এর মধ্যে ১৩ জুন পার্বত্য জেলা রাঙামাটিতে নিহত হন ১২০ জন। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে পাহাড়ধসে এত প্রাণহানি আগে কখনো হয়নি।

চট্টগ্রাম ও রাঙামাটির পাহাড়ধসের পর সরকারের গঠন করা দুটি বড় বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুন-জুলাই-আগস্ট—এ তিন মাসে পাহাড় ধস হলে আমরা বক্তব্য দেব, আপনারা কলম ধরবেন আর সরকারও নড়াচড়া করবে। এটাই হয়ে আসছে। এ ছাড়া কিছু হয় না।’

রাঙামাটিতে পাহাড়ধসের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একাধিক তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে রঙামাটির পাহাড়ধসের পর গঠিত কমিটি কক্সবজার ও চট্টগ্রামের পাহাড়ধস এবং মৃতুরোধেও সুপারিশ করে। এসব সুপারিশের মধ্যে একটি ছিল তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারের ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা তৈরি করা। এই কাজও এখন পর্যন্ত পুরোপুরি শেষ করা যায়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, জেলার ঝুঁকিপূর্ণ পাহাড়ের কোনো ডেটাবেইস (তথ্যভান্ডার) তাঁদের হাতে নেই।

পাহাড়গুলোর ধারণক্ষমতা ও আবাসসক্ষমতা বিবেচনা করে শ্রেণিবিন্যাস করার সুপারিশও করা হয়েছিল। ভারী বর্ষণের আগে যাতে স্বয়ংক্রিয়ভাবে বার্তা দেওয়া যায়, সে জন্য একটি অ্যাপ তৈরির পরামর্শ ছিল। এসবের কিছু হয়নি।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হলে একটি আতঙ্ক কাজ করে। আমরা ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকা মানুষকে সরিয়ে আনার ব্যবস্থা করি। সম্প্রতি কক্সবাজারে যে ধারায় বৃষ্টি হয়েছে, তা রাঙামাটিতে হলে পরিস্থিতি খারাপ হয়ে যেত।’

জুন-জুলাই-আগস্ট—এ তিন মাসে পাহাড়ধস হলে আমরা বক্তব্য দেব, আপনারা কলম ধরবেন আর সরকারও নড়াচড়া করবে। এটাই হয়ে আসছে। এ ছাড়া কিছু হয় না।
অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

পাহাড়ধস রোধে সর্বশেষ ২০১৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কমিটিও নানা সুপারিশ করে। এখনো সুপারিশ বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. মোহসীন বলেন, এসব বিষয়ের সঙ্গে একাধিক মন্ত্রণালয় জড়িত। তাদের সমন্বয়ের একটি ব্যাপার ছিল। আর করোনার কারণেও অনেক কাজ শ্লথ হয়ে গেছে।

ধস রোধে বার্তা দেওয়ার যন্ত্রই নষ্ট

পাহাড়ধসে সুপারিশগুলোর কোনো গতি তো হয়ইনি, উল্টো দেশের চারটি স্থানে স্থাপন করা পাহাড়ধসের আগাম বার্তা দেওয়ার চারটি যন্ত্র (রেইন গজ) অকেজো হয়ে গেছে। এসব যন্ত্র ২০১০ সালে স্থাপন করেছিল ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শহর, কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা—এ চার জায়গায় মোট চারটি যন্ত্র স্থাপন করা হয়েছিল। এসব যন্ত্রের মাধ্যমে বৃষ্টির পরিমাণ দেখে পাহাড়ধসের আগাম বার্তা দেওয়া যেত।

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূতত্ত্ব) সালমা আক্তার বলেন, ‘এ বছর বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর যন্ত্রগুলো থেকে আর বার্তা পাওয়া যায়নি। অনেক দিন আগের যন্ত্র। এগুলো পাল্টানো দরকার। কিন্তু তা আর হয়নি।’ যন্ত্রগুলো যে নষ্ট হয়ে গেছে, তা জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছিল বলে জানান তিনি।

যে চারটি স্থানে যন্ত্র আছে, সেখান থেকে স্থানীয় প্রশাসনসহ ১০টি জায়গায় আগাম বার্তা দেওয়া হতো। উপজেলা পর্যায়ে ইউএনওরাও বার্তা পেতেন। তবে এবার পাহাড়ধসের আগে এমন কোনো বার্তা পাননি বলে জানান টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।