পবিত্র হজ পালন ও বাংলাদেশি হজযাত্রীদের দেখাশোনার জন্য এ বছর সরকারি খরচে ৯৪২ ব্যক্তি সৌদি আরবে যাচ্ছেন। এই দলে সরকারের মন্ত্রী, সাংসদ, সংসদীয় কমিটির সদস্য, প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন, পরিচ্ছন্নতাকর্মী, গাড়িচালকও আছেন। বাদ নেই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও। এর মধ্যে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নির্বাচনী এলাকার লোকই আছেন ১৫৮ জন।
অভিযোগ উঠেছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সুপারিশে এবার অনেককে হজে পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক পাঠিয়ে সরকারের হজ নীতিমালাও লঙ্ঘন করা হচ্ছে। অনেকের নিজ খরচে হজে যাওয়ার সক্ষমতা থাকার পরও সরকারি সুবিধা নিয়ে জনগণের করের টাকায় হজে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
জানতে চাইলে ধর্মমন্ত্রী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের নেওয়া হচ্ছে। এসব লোকের প্রয়োজন আছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘অনেক সাংসদ, রাজনীতিবিদ সুপারিশ করেছেন, ফোন করেছেন, তাঁদের অনুরোধ তো রাখতেই হবে। তা ছাড়া আমার এলাকার যাঁরা আবেদন করেছেন, তাঁদেরও নিচ্ছি। এটা কি খারাপ কিছু?’
চলতি বছরে সরকারি-বেসরকারি মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। তাঁদের দেখাশোনা ও হজ পালনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে ছয়টি দল গঠন করা হয়েছে। ১. দলগুলোর মধ্যে হজ প্রতিনিধিদলে আছেন ১৪ জন, ২. হজ কারিগরি দলে ১৫ জন, ৩. হজ প্রশাসনিক দলে ৫৪ জন, ৪. হজ চিকিৎসক দলে ২৬৬ জন, ৫. হজ চিকিৎসক সহায়তাকারী দলে ১৮২ জন এবং ৬. হজ গাইড রয়েছেন ৯৩ জন। ‘রাষ্ট্রীয় খরচ খাত’ নামে গঠন করা দলে হজে যাচ্ছেন ৩১৮ জন। ধর্ম মন্ত্রণালয়ের ১১৮ জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭১ জন এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হজে নেওয়া হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রাষ্ট্রীয় খরচে হজ করা ছাড়াও বিভিন্ন প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরবে হজ ব্যবস্থাপনার কাজে সার্বিক তত্ত্বাবধান করবেন এবং দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া তাঁরা প্রশাসনিক, কারিগরি ও চিকিৎসাসেবা দেবেন। কিন্তু তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন দলে এমন সব ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারীকে নেওয়া হচ্ছে, যাঁদের অনেকেই এই কাজের উপযোগী নন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তাঁদের পেছনে সরকারি কোষাগার থেকে ২০ কোটি ৫০ লাখ টাকা খরচ করা হবে। এর মধ্যে ‘রাষ্ট্রীয় খরচ খাত’ নামে গঠন করা দলে যাঁরা হজে যাবেন, তাঁরা সৌদি আরবে অবস্থানকালে প্রত্যেকে বিমানভাড়া, থাকা-খাওয়াসহ সব সুবিধা পাবেন। এ ছাড়া অন্য দলের প্রতিনিধিরা সরকারি নিয়মে যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা পাবেন। পদ অনুযায়ী এর পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় খরচে হজ পালনের বিষয়ে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালায় বলা হয়েছে, হজ ও ওমরাহ নীতিতে যা-ই থাকুক না কেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রী অথবা সরকার একটি নির্দিষ্টসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে সরকারঘোষিত সর্বনিম্ন প্যাকেজে হজ করতে সৌদি আরবে পাঠাতে পারবে।
যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, যাঁরা নিজেরাই সচ্ছল, তাঁদের এভাবে সরকারি সুযোগ নেওয়া উচিত নয়। এত বড় প্রতিনিধিদলের দরকার কী? এটা অসমীচীন ও অযৌক্তিক। তা ছাড়া যাঁদের সেবার জন্য পাঠানো হচ্ছে, তাঁরা সেখানে গিয়ে কী করবেন?
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার জন্য ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি হজে যাচ্ছেন। এ তালিকায় উল্লেখযোগ্য হলেন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এ কে এম আউয়াল ও নজিবুল বশর মাইজভান্ডারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ধর্মসচিব আবদুল জলিল, সরকারি কর্ম কমিশনের সদস্য কামাল উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুল হালিম ও আহসান কিবরিয়া সিদ্দিকী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। ২৫ আগস্ট বিমানের ফ্লাইটে তাঁদের ঢাকা ছাড়ার কথা। সফরসঙ্গী হিসেবে সবার স্ত্রী ও সন্তানেরা সঙ্গে যাবেন। তবে স্ত্রী ও সন্তান যাবেন নিজ খরচে।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউর আলম প্রথম আলোকে বলেন, ‘এখানে সচ্ছলতা বা অসচ্ছলতার বিষয় নেই। আমি বাংলাদেশ প্রতিনিধিদলের একজন সদস্য হয়ে যাচ্ছি। এটা আমার চাকরি। ধর্ম মন্ত্রণালয় আমাকে মনোনয়ন দিয়েছে।’
‘রাষ্ট্রীয় খরচ খাত’ নামে গঠন করা ৩১৮ জনের দলে আছেন চার সাংসদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০১৪ সালে ১২৪ জনকে রাষ্ট্রীয় খরচে হজে পাঠানো হয়। ২০১৫ সালে ওই সংখ্যা ছিল ২৬৩। আর ২০১৬ সালে ২৮৩ জন। এ বছর তা হলো ৩১৮।
এই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার, সংরক্ষিত আসনের সাংসদ শিরীন নাঈম, কুড়িগ্রাম-লালমনিরহাটের সংরক্ষিত সাংসদ সফুরা বেগম এবং ময়মনসিংহের সংরক্ষিত সাংসদ ফাতেমা-তুজ্জহুরা। তাঁদের মধ্যে ফাতেমা-তুজ্জহুরা ২০১৫ সালে সরকারি খরচে হজ করেছেন।
জানতে চাইলে ফাতেমা-তুজ্জহুরা প্রথম আলোকে বলেন, ‘কে আমার নাম দিল, সেটা জানি না। আমি না যাওয়ার কথা ভাবছি।’
সরকারি টাকায় হজ করার ব্যাপারে জানতে চাইলে নিজেকে আর্থিকভাবে অসচ্ছল দাবি করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ শিরীন নাঈম। তিনি বলেন, ‘আমাকে দল চালাতে হয়, অনেক লোকজনকে দেখতে হয়, আমার নিজের টাকায় হজে যাওয়ার ক্ষমতা নেই।’
‘রাষ্ট্রীয় খরচ খাত’-এর আওতায় আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) এ বি এম ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাসুদ আহমেদ, জাতীয় সংসদের সহকারী পরিচালক আবদুল হালিম মুন্সী, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জান্নাতুল চৌধুরী প্রমুখ। ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের পরিচর্যাকারী, কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত কর্মকর্তা, ফার্মাসিস্ট, ব্যক্তিগত নিরাপত্তা সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক, পরিচ্ছন্নতাকর্মী এবং বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীর নাম আছে। হেফাজতের নেতা ও বরিশাল সদরের জামিয়া ইসলামিয়া মাহমুদা মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুর রহমানও আছেন তালিকায়। এই ৩১৮ জনের মধ্যে ৮১ জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। ময়মনসিংহের তালিকায় সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষকও আছেন। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই তালিকা আরও বাড়তে পারে।
হজের ব্যবস্থাপনায় সার্বিক কার্যক্রম দেখাশোনা, সমন্বয় ও সহায়তা দিতে হজ নীতিমালায় ৪৫ জনের প্রশাসনিক দল গঠন করার কথা বলা আছে। সেই নীতিমালা লঙ্ঘন করে এবার দলে ৫৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা; বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত, যুগ্ম, উপ, জ্যেষ্ঠ, সহকারী সচিব; ধর্মমন্ত্রী ও সচিবের একান্ত সচিব এবং হজ অফিসের কর্মকর্তারা আছেন।
দাপ্তরিক কাজে সহায়তা করতে ১২ সদস্যের দলের কথা নীতিমালায় বলা থাকলেও এ দলে ধর্ম মন্ত্রণালয়ের ১৫ জনকে নেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, সাঁটমুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটরের সমন্বয়ে এ দল গঠনের কথা থাকলেও এ দলে হিসাবরক্ষণ কর্মকর্তাকেও নেওয়া হয়েছে।
হজ নীতিমালা অনুযায়ী এক হাজার বাংলাদেশি হজযাত্রীর জন্য একজন চিকিৎসক যাওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে যত লোক হজে যাচ্ছেন, তাঁদের জন্য ১২৭ জন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু নেওয়া হচ্ছে দ্বিগুণের বেশি—২৬৬ জন। চিকিৎসকদের সহায়তাকারী দলে যাচ্ছেন ১৮২ জন। প্রথমে এই তালিকায় ১৭১ জনের নাম প্রকাশ করা হলেও গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় ১৮২ জনের নাম। হজ চিকিৎসকদের সহায়তাকারী দলে এমন সব কর্মকর্তা-কর্মচারীকে নেওয়া হচ্ছে, যাঁদের অনেকেই এই কাজের উপযোগী নন। এই তালিকায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের নির্বাচনী এলাকা ময়মনসিংহের ৩৫ ব্যক্তি আছেন, যাঁরা বিভিন্ন পেশায় নিয়োজিত। আরও আছেন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ২৫ জন গাড়িচালক। এ ছাড়া আছেন নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহায়ক, পাম্প অপারেটর, টাইপিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে শুরু করে কৃষিবিদ ও ফার্মাসিস্টরাও যাচ্ছেন এই দলের সদস্য হয়ে। নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন মিলে এই তালিকা করার কথা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যাঁদের নাম সুপারিশ করেছিল, তাঁদের বদলে পছন্দের লোক নেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।
জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা যা করেছি নীতিমালা অনুযায়ী করেছি, বিভিন্ন দপ্তর, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশে এই তালিকা করা হয়েছে। সুপারিশ বা তদবিরের বাইরে মন্ত্রণালয় কাউকে নেয়নি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই নীতিমালার সমালোচনা করে বলেন, এ নীতিমালা করা হয়েছে নিজেদের লোকদের খুশি করার জন্য। এটা একেবারেই অনৈতিক। জনগণের টাকা এভাবে যাচ্ছেতাইভাবে ব্যয় করা উচিত নয়। তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষ শুধু সরকারের মধ্যে নয়, বাইরেও আছেন। মন্ত্রী যেভাবে স্বজনপ্রীতি করছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার জবাবদিহি থাকা দরকার।