সুপারের কারণে কেউ পরীক্ষা দিতে পারল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি। মাদ্রাসার সুপার আবদুল হালিম শিক্ষার্থীদের নিবন্ধনের (রেজিস্ট্রেশন) টাকা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করায় ১৪ জন ছাত্রী দাখিল পরীক্ষা দিতে পারেনি। আগামী বছরও তারা পরীক্ষা দিতে পারবে না বিধায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকালে ছাত্রীদের অভিভাবকেরা বিক্ষোভ করেন ও মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সুপারের বিরুদ্ধে অভিযোগ দেন।
সুপার মুঠোফোনে দাবি করেন, মাদ্রাসা থেকে ওই পরীক্ষার্থীদের নিবন্ধন করা হলেও মাদ্রাসা বোর্ড থেকে তা করা হয়নি। এ কারণে তারা পরীক্ষা দিতে পারছে না।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম জানান, আগামী বছরও এই ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে না। কারণ খোঁজ নিয়ে জানা গেছে, নবম শ্রেণীতে তাদের নিবন্ধন করা হয়নি। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা করা ঘোরতর অন্যায়। তাই সুপারের বিরুদ্ধে মামলা করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে মাদ্রাসায় গিয়ে ঘটনা জেনেছি। কয়েক বছর ধরে এ মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা নিয়মিত দাখিল পরীক্ষা দিচ্ছে। এবার সুপারের খামখেয়ালিপনার কারণেই এ ঘটনা ঘটেছে। আমি ইউএনওর কাছে ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছি, যাতে সুপারের বিরুদ্ধে কঠিন সাজা হয়।’
অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, নবম শ্রেণী থেকে ছাত্রীদের নিবন্ধন করতে হয়। এ জন্য সুপার ওই সময় যথারীতি ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করেন। কিন্তু তিনি ওই ছাত্রীদের নিবন্ধন করাননি। এরপর দাখিল পরীক্ষার পরম পূরণের ফি বাবদ প্রত্যেকের কাছ থেকে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকা করে নেন। কিন্তু এ টাকাও তিনি বোর্ডে জমা দেননি।
পরীক্ষাবঞ্চিত ছাত্রীরা হলো উমেঞ্চ হাবিবা, সোনিয়া, রিক্তা, খাদিজা, রেক্সোনা, লুৎফুন, কহিনূর, রেহেনা, শামিমা জান্নাত, আম্বিয়া, রহিমা, মাহফুজা, শান্তানুর ও শারমিন।
পরীক্ষার্থী শারমিন ও শান্তানুর জানায়, পরীক্ষার আগের দিন মাদ্রাসায় গিয়ে তারা জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। এর পর তারা অনন্যোপায় হয়ে মাদ্রাসার সুপারকে খোঁজ করেও তাঁর দেখা পায়নি।
পরে তারা ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করে। শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন নষ্ট করা মাদ্রাসা সুপারের বিচার দাবি করে। বিক্ষুব্ধ অভিভাবকেরা রোববার সকালে মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালান ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
অভিভাবক আফতাব হোসেন জানান, মাদ্রাসা সুপার টাকা নিয়েও বোর্ডে জমা না দেওয়ায় এতগুলো পরীক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট হয়ে গেল। তিনিসহ সব অভিভাবক ওই সুপারের অপসারণ এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।