সুপারের ভুলে পরীক্ষা দেওয়া হলো না মাদ্রাসাছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা না থাকায় খুব কষ্ট করে লেখাপড়া করছে দুই ভাইবোন। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে জাকিয়া সুলতানার ফরমফিলাপ করেন ভাই বেলালুজ্জামান (১৮)। কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া আয়শা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার সুপারের ভুলে গতকাল সোমবার জাকিয়া পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনায় জাকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
বেলালুজ্জামান বলেন, জাকিয়া পরীক্ষার জন্য মাদ্রাসায় প্রবেশপত্র চাইতে গেলে পরীক্ষার দিন সকালে দেওয়া হবে বলে জানান মাদ্রাসা সুপার আশরাফুজ্জামান। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র নিতে গেলে সুপার বলেন, তার প্রবেশপত্র আসেনি। কারণ জানতে চাইলে জাকিয়াকে সুপার বলেন, ছবি দিতে দেরি হওয়ায় প্রবেশপত্র আসেনি। মাদ্রাসার সুপার রেজিস্ট্রেশন ও ফরমফিলাপের টাকা নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছেন।
মাদ্রাসার সুপার আশরাফুজ্জামান বলেন, ছাত্রীটি অনিয়মিত। বোর্ডের লোকদের কথামতো ছাত্রীটির ফরমফিলাপের চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি ওই ছাত্রীটির কাছ থেকে কোনো টাকাও নেননি। প্রবেশপত্র আসার পর দেখেন, ওই ছাত্রীর প্রবেশপত্র আসেনি। বিষয়টি তিনি ওই ছাত্রীকে জানিয়েছিলেন। ইউএনও বজলুর রশীদ বলেন, অভিযোগটি তদন্ত করতে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।