
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে রয়েছে সুপেয় পানির সংকট। আছে জলাবদ্ধতার সংকটও। তাই সিটি করপোরেশন নির্বাচনে এই দুটি সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব সংকট নিরসনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
নগরের সরাইপাড়া, উত্তর পাঠানটুলী ও উত্তর আগ্রাবাদ নিয়ে গঠিত সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড। এবার এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এই ওয়ার্ডে পর পর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রেহানা বেগম রানুর (কেটলি) সঙ্গে লড়ছেন ফারহানা জাবেদ (স্টিল আলমারি) ও মানছুরা খাতুন (পানপাতা)। রেহানা বেগম ও মানছুরা খাতুন আওয়ামী লীগের সমর্থক। ফারহানা জাবেদ নির্দলীয়।
গত নির্বাচনে রেহানা বেগমের সঙ্গে মূল লড়াই হয় বিএনপি-সমর্থিত প্রার্থী খালেদা বোরহানের। এবারও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন খালেদা বোরহান। কিন্তু বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী নেই। স্থানীয় অনেকে মনে করছেন, এবার রেহানা বেগমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ফারহানা জাবেদের।
সুপেয় পানির সংকট ও জলাবদ্ধতাকে ৯ নম্বর ওয়ার্ডের মূল সমস্যা বলে মনে করেন রেহানা বেগম। চতুর্থবারের মতো নির্বাচিত হলে এ সমস্যাগুলো সমাধানের প্রতিই বেশি মনোযোগী হবেন বলে জানালেন তিনি।
রেহানা বেগম প্রথম আলোকে বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যে নারী কাউন্সিলরদের কাজ করতে হয়। আমাদের বড় ধরনের উন্নয়ন বরাদ্দ দেওয়া হয় না। এগুলো নিয়ে ১৫ বছর ধরে সংগ্রাম করছি। অনেকখানি পরিবর্তন আনতে পেরেছি। যতটুকু সম্ভব এলাকার উন্নয়নে কাজ করেছি।’
ফারহানা জাবেদ অবহেলিত নারীর উন্নয়নে বেশি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচিত হলে বিধবা নারীদের জন্য স্থায়ী আর্থিক অনুদানের ব্যবস্থা করব। শিক্ষার হার, বিশেষ করে নারী শিক্ষার হার বাড়াব। এ ছাড়া এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনেও কাজ করব।’
এদিকে দক্ষিণ কাট্টলী, রামপুর ও উত্তর হালিশহর নিয়ে সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড। এবার এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে চারজন আওয়ামী লীগের সমর্থক। তাঁরা হলেন সর্বশেষ নির্বাচনে বিজয়ী কাউন্সিলর ফেরদৌস আরা তাহের (মোড়া)। এ ছাড়া রয়েছেন নূর আরা বেগম (পিঞ্জর), নাসরিন আকতার (গ্লাস) ও রোকসানা বেগম (স্টিল আলমারি)।
বিএনপি এই ওয়ার্ডে সমর্থন দিয়েছে জেসমিনা খানমকে (কেটলি)। তবে বিএনপির সমর্থক সুলতানা বেগম (শিল-পাটা) ও আতিয়া আকতার ঊষা (পানপাতা) নির্বাচনে লড়ছেন।
গত নির্বাচনে ফেরদৌস আরা তাহেরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেসমিনা খানম। সেবার তিনি ছিলেন জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী। এবারও এই দুজনের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন অনেকে। এ ছাড়া নূর আরার সম্ভাবনাও দেখছেন কেউ কেউ।
পর পর দুবার নির্বাচিত ফেরদৌস আরা তাহের এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় সুপেয় পানির খুবই সংকট। গত দুই মেয়াদে বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন করেছি। এখানে ওয়াসার লাইন স্থাপন করা জরুরি। এবার নির্বাচিত হলে ওয়াসার সঙ্গে দেনদরবার করে এলাকায় ওয়াসার পানি নিশ্চিত করব। এ ছাড়া নারীদের কর্মসংস্থানের জন্য যেসব কাজ শুরু করেছি, সেগুলো অব্যাহত থাকবে।’
তবে বিএনপি-সমর্থিত প্রার্থী জেসমিনা খানম এলাকায় পরিবর্তনের হাওয়া দেখছেন। তিনি বলেন, ‘গতবারের কাউন্সিলর অনেকটা জনবিচ্ছিন্ন অবস্থায় আছেন। সে তুলনায় আমি জনগণের অনেক কাছে আছি। নির্বাচিত না হয়েও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার দরিদ্র নারীদের সহায়তা করেছি। এবার নির্বাচিত হতে পারলে দুস্থ নারীদের পুনর্বাসন ও শিক্ষার হার বাড়ানোর দিকে মনোযোগ দেব।’