সুপেয় পানি ও পয়োনিষ্কাশন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা নদীতে আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে৷ ভরাট অংশে গড়ে উঠেছে কার্গো ও ট্রাকস্ট্যান্ড৷ ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা নদীতে আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে৷ ভরাট অংশে গড়ে উঠেছে কার্গো ও ট্রাকস্ট্যান্ড৷ ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

কামরাঙ্গীরচরে সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনায় এখনো কোনো দৃশ্যত পদক্ষেপ নেয়নি ঢাকা ওয়াসা। তাদের এই উদাসীনতায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে পানি সরবরাহ না হলে কামরাঙ্গীরচরে পানির জন্য হাহাকার পরিবেশ তৈরি হবে।
গতকাল শুক্রবার বিকেলে কামরাঙ্গীরচরের হুজুরপাড়ায় কামরাঙ্গীরচর মডেল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। ‘কামরাঙ্গীরচরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং সুপেয় পানি সরবরাহ অপ্রতুলতা নাগরিক সমাজের উদ্বিগ্নতা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রিন মাইন্ড সোসাইটি, স্বপ্নের সিঁড়ি ও প্রদেশ। কামরাঙ্গীরচর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
বক্তারা বলেন, রাজধানীর সব এলাকাতেই পানি উত্তোলনের জন্য ডিপ টিউবওয়েলগুলো নতুন করে আরও গভীরে বসাচ্ছে ঢাকা ওয়াসা। অথচ ওয়াসা তিন বছর আগে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। এতে প্রতিবছর ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর দুই থেকে তিন মিটার নিচে নামছে। এটা জেনেও পানি উত্তোলন বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তাঁরা বলেন, ঢাকা শহরে ফসলি জমি, মাঠ, পার্ক, পুকুর, জলাশয়, খাল-বিল, নদী ও উন্মুক্ত স্থান দখল করে বহুতল ভবন নির্মাণ করায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে বৃষ্টির পানি কোনোভাবেই ভূমির নিচে প্রবেশ করতে পারছে না। ঢাকা শহরের আশপাশের নদী ও ঢাকার ৪৩টি খাল দখলমুক্ত করতে হবে। পানির আধার রক্ষা করতে হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে হবে। বৃষ্টির পানি ও নদীর পানির ব্যবহার বাড়াতে হবে।
মতবিনিময় সভায় কামরাঙ্গীরচরকে নিয়ে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো—কামরাঙ্গীরচরকে আবাসিক এবং আধুনিক নগর-পরিকল্পনায় আনা। পয়োনিষ্কাশন লাইনগুলো কোনোভাবেই বুড়িগঙ্গা নদীতে পড়তে দেওয়া যাবে না। অবিলম্বে সুপেয় পানি সরবরাহ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক উদ্যোগ নেওয়া। পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক, চিকিৎসাকেন্দ্র উন্নয়ন করা। বুড়িগঙ্গা নদীর তীরে হাঁটা এবং বসার ব্যবস্থা করা। নদীর পানি পরিষ্কার, দখল ও দূষণমুক্ত রাখা।
কামরাঙ্গীরচর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালামের সভাপতিত্বে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, গ্রিন মাইন্ড সোসাইটির নির্বাহী আমির হাসান, স্বপ্নের সিঁড়ির সভাপতি ইসরাত জাহান ও নির্বাহী উম্মে সালমা এবং প্রদেশের নির্বাহী ইউসুফ আলী, হিউম্যান রাইটসের ঢাকা জেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, কাউন্সিলর নিলুফা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।