চট্টগ্রামে সেমিনারে বক্তারা বলেছেন, হালদা নদীর পাড়ে কলকারখানা গড়ে উঠছে। এসব কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদী। হালদা শুধু প্রাকৃতিক মৎস্য প্রজননের ক্ষেত্র নয়, এটি নগরের সুপেয় পানির প্রধান উৎসও বটে।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘হালদা নদীর পানীয় জল: নাগরিক চাহিদা ও বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। উন্নয়ন সংগঠন কারিতাস আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক পূর্বকোণ-এর সাংবাদিক মোহাম্মদ আলী।কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মঞ্জুরুল কিবরিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংগঠনিক সম্পাদক মহসীন চৌধুরী, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক চৌধুরী ফরিদ, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল পারভেজ।মুনীর চৌধুরী বলেন, ‘দুর্নীতির দূষণ থেকে নিজেদের মুক্ত করা না গেলে পরিবেশদূষণ রোধ করা যাবে না। দেশের অন্যান্য নদীর তুলনায় হালদা ও কর্ণফুলী এখনো অনেক ভালো আছে। তবে দূষণ হচ্ছে না, তা নয়।’