সুপেয় পানির সংকট নিরসনে সম্মিলিত কাজের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভরাট হওয়া খাল ও পুকুর খনন এবং লবণ পানির ঘের বন্ধ করে মিষ্টি পানির আধার তৈরি করতে হবে। জোর দিতে হবে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণে।
গতকাল বুধবার খুলনা নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনে ওয়াশ চ্যালেঞ্জ: সরকারি-বেসরকারি উদ্যোগ ও বাস্তবতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এই মতামত ব্যক্ত করেন।
উন্নয়ন সংস্থা রূপান্তর এ কর্মশালার আয়োজন করে। জলবায়ু বিপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর জন্য খুলনার দাকোপ উপজেলায় সংস্থাটি ওয়াটার এইড ও এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, সঠিক ব্যবস্থাপনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা অঞ্চলের পানির সংকট নিরসন সম্ভব। জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনার উপকূলীয় অঞ্চলে পুকুর ও খাল খনন করে মিষ্টি পানির আধার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ পানি দিয়ে সমস্যা নিরসন দীর্ঘমেয়াদে কুফল বয়ে আনতে পারে। এ জন্য বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দিতে হবে। পানির সমস্যা সমাধানে সরকারিভাবে এ বছর অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে ও সুন্দরবন একাডেমী খুলনার নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় কর্মশালায় পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মল্লিক আনোয়ার হোসেন, চালনা পৌরসভার মেয়র সনৎ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।