সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে গতকাল এনডিসি ও এএফডব্লিউ কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি শিল্পকর্ম উপহার দেওয়া হয় l ছবি: বাসস
ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে গতকাল এনডিসি ও এএফডব্লিউ কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি শিল্পকর্ম উপহার দেওয়া হয় l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি পেশাদার ও সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। এ জন্য জাতীয় বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ বৃদ্ধি করা এবং ‘সশস্ত্র বাহিনী গোল ২০৩০’ প্রণয়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং আর্মড ফোর্স ওয়ার (এএফডব্লিউ) কোর্স-২০১৪-এর গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর।
সশস্ত্র বাহিনী তার প্রচেষ্টা, দক্ষতা ও পেশাদারির ক্ষেত্রে সর্বোচ্চ মান অব্যাহত বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় সৃষ্ট সশস্ত্র বাহিনী নিয়ে গর্ববোধ করে বাংলাদেশ। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের প্রত্যাশা পূরণে সব সময় তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও তারা জনগণের পাশে থাকবে।’
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর লক্ষ্য অর্জনে চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০, সেলফপ্রোপেলড গান, রাডার, সেনাবাহিনীর জন্য এপিসি এবং সামরিক বিমানবাহিনীর জন্য আধুনিক হেলিকপ্টারসহ আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করেছে সরকার। এ ছাড়া নৌবাহিনীর জন্য সাবমেরিন কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। ২০১৬ সালের মধ্যে এই সাবমেরিন অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় হেলিকপ্টার, মেরিন পেট্রোল এয়ারক্রাফট, মডার্ন ফ্রিগেট ও জাহাজ কেনা হয়েছে।
এ বছর এনডিসি কোর্সে বাংলাদেশ থেকে ৪৮ জন অংশ নিয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী থেকে ২৮ জন ব্রিগেডিয়ার জেনারেল, নৌবাহিনী থেকে চারজন কমোডর, বিমানবাহিনী থেকে তিনজন গ্রুপ ক্যাপ্টেন, প্রশাসন ও সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডার থেকে ১১ জন যুগ্ম সচিব, ফরেন সার্ভিস থেকে একজন মহাপরিচালক এবং একজন উপমহাপরিদর্শক কোর্সে অংশ নেন। পাশাপাশি ১১টি বন্ধুপ্রতিম দেশ থেকে ২৮ জন বিদেশি এ কোর্সে অংশ নেন।
এএফডব্লিউ কোর্সে মোট ৩৫ জন অংশ নেন। এঁদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ছয়জন লেফটেন্যান্ট কর্নেল, নৌবাহিনী থেকে দুজন ক্যাপ্টেন ও তিনজন কমান্ডার এবং বিমানবাহিনী থেকে একজন গ্রুপ ক্যাপ্টেন ও তিনজন উইং কমান্ডার অংশ নেন।