সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ শুরু
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আজ বুধবার ভোট গ্রহণ শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে আজ ও কাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সূত্র জানায়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে। আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেলের নেতৃত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা বলছেন, এবার সমিতির নেতৃত্ব হাতে নিতে তাঁরা একজোট হয়ে নির্বাচনে নেমেছেন। এ জন্য আইনজীবী সমিতির নেতৃত্ব ফিরে পেতে তাঁরা আশাবাদী। আর বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, সমিতির নেতৃত্ব ধরে রাখতে তাঁরা আশাবাদী। এবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, দুজন সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচন হবে। মোট ভোটার ৫ হাজার ৩৪ জন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সম্পাদক পদে নির্বাচন করছেন মো. আজাহার উল্লাহ ভুঁইয়া। দুজন সহসভাপতি পদে তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে রমজান আলী শিকদার, দুজন সহসম্পাদক পদে এ কে এম রবিউল হাসান ও শেখ সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। দুজন সহসভাপতি পদে রয়েছেন ফাহিমা নাসরীন, গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরীন আকতার এবং সহসম্পাদক পদে মো. শাহিদুজ্জামান ও ইউসুফ আলী নির্বাচন করছেন।