সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২২ ও ২৩ মার্চ
আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৭-১৮) দুই দিনব্যাপী নির্বাচন আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচন পরিচালনার জন্য আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।
তফসিল অনুসারে, ২০১৭-১৮ সালের নির্বাচনে ২২ ও ২৩ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে। ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ মার্চ বিকেল সাড়ে পাঁচটায়। প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত। সভাপতি, দুটি সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুটি সহসম্পাদক এবং সাতটি সদস্যপদসহ ১৪টি পদে এক বছর মেয়াদে এ নির্বাচন হয়।