বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ করতে না দেওয়ার অভিযোগে প্রতীকী অনশন পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির সভাপতি কক্ষের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী সাইদুর রহমান, এম বদরুদ্দোজা, গোলাম মোহাম্মদ চৌধুরী, রুহুল কুদ্দুস, রাগীব রউফ চৌধুরী প্রমুখ অংশ নেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি চলে। পরে সমিতির সভাপতিকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক।
এর আগে আইনজীবী রফিক-উল হক বলেন, ‘২০১৫ সালে এসে আমরা একজন লোকের খাওয়া বন্ধ করে দিচ্ছি। সুযোগ-সুবিধা বন্ধ করে দিচ্ছি। এটি কখনোই উচিত হচ্ছে না। আমরা “গণতন্ত্র” “গণতন্ত্র” বলে চিৎকার করি, যদি সত্যিই গণতন্ত্র বোঝাতে চাই, তাহলে সর্বজনীন মানবাধিকারের ঘোষণা মেনে চলা উচিত। সরকারের উচিত খাবার যেতে বাধা না দেওয়া। এতে সবারই ক্ষতি হবে। সরকার যেটা করছে এটা উচিত না, অবৈধ। আমি মনে করি এটা সরকারের জন্যও খারাপ হচ্ছে, সরকারের সুনাম হচ্ছে না। আশা করি, সরকার এসব বিবেচনা করে খালেদা জিয়াকে স্বাভাবিক জীবনযাপন করতে দেবে। অ্যাবনরমাল লাইফ লিড করলে, ইট উইল গিভ অ্যাবনরমাল প্রোডাক্টস।’