সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরানোর দাবি হেফাজতের বিশিষ্টজনদের নিন্দা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের এই দাবির নিন্দা জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
হেফাজতের আমির শাহ আহমদ শফী গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার একেবারেই বিপরীত। অবিলম্বে এটি অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় ইমান, আকিদা ও ঐতিহ্য রক্ষায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে তাঁর কোনো বক্তব্য নেই। নির্দেশনা পেলে বলা যাবে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, হেফাজতের দাবি গ্রহণযোগ্য নয়। তাদের দাবি মেনে ইতিমধ্যে পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হয়েছে। এখন ভাস্কর্য অপসারণের দাবি মেনে নিলে সারা দেশের সব ভাস্কর্য অপসারণের দাবি তুলবে তারা। হেফাজতের এই দাবি মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এখানে আপসের কোনো জায়গা নেই। কেননা, হেফাজত এখন বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল হেফাজতের বিবৃতির নিন্দা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘এদের স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। হেফাজত যে প্রশ্রয় পেয়েছে, তা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দৃঢ় হাতে নিয়ন্ত্রণ করা উচিত।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে বিবিসিকে বলেন, ‘এটা তো মূর্তি না, এটা তো স্কাল্পচার (ভাস্কর্য)। আর এখানে দেখানো হয়েছে তিনটা জিনিস। একটা হলো দাঁড়িপাল্লা, ন্যায়বিচারের একটা সূচক। আর হাতে একটা তলোয়ার। দণ্ড বা শাস্তির সূচক হিসেবে ব্যবহার করা হয়েছে তলোয়ার। তৃতীয়ত, চোখটা বাঁধা। অর্থাৎ একদম নিরপেক্ষভাবে বিচার করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশেই বিচারের নিরপেক্ষতা তুলে ধরা হয় এই স্কাল্পচার দিয়েই।’ হেফাজতের দাবির প্রতি কান দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যের বিরুদ্ধে মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। এবং দেশের সর্বোচ্চ আদালত ও বিচারব্যবস্থার প্রতি হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ভাস্কর্যকে মূর্তি বা প্রতিমা বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক এবং নির্জলা মিথ্যা ছাড়া আর কিছু নয়। এই ভাস্কর্য জাতি-ধর্ম নির্বিশেষে বহু দেশের উচ্চতর আদালতে ন্যায়বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে।
হেফাজতের আমির আরও বলেন, সরকারের ভেতরে ইসলামবিদ্বেষী কিছু কুচক্রী জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে সরকারকে ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত করছে। যাঁরা গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন করেছেন, তাঁরা হয়তো মানুষের মনে এমন একটা ভাবনা তৈরি করতে চাচ্ছেন যে, আমাদের বিচারকেরা গ্রিক দেবীর অনুসারী।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, আজকে হেফাজতের যে আস্ফালন, সেটার দায় সরকারের। সরকারই হেফাজতকে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস জুগিয়েছে। এদের মোকাবিলা করা সরকারেরই দায়িত্ব। সরকার ও রাজনৈতিক দলগুলো যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন মানুষকে নিয়ে আন্দোলনে নামবে গণজাগরণ মঞ্চ।