সুপ্রিম কোর্টে করা দরখাস্তের সঙ্গে সম্পর্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, মাসদার হোসেন মামলার নাম ভাঙিয়ে সুপ্রিম কোর্টে করা দরখাস্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দেশের বিচারকদের একমাত্র এই সংগঠন গত সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি রাজধানীর ধানমন্ডিতে তাদের স্থায়ী কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এক সভায় মিলিত হয়। সভায় অধস্তন আদালতের বিচারকদের জন্য গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বেতন স্কেল সরকার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় মাসদার হোসেন বনাম রাষ্ট্র মামলাকে উদ্ধৃত করে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। অ্যাসোসিয়েশন জানতে পেরেছে, একটি কুচক্রী মহল ওই মামলার নাম ভাঙিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি দরখাস্ত করেছে, যার সঙ্গে অ্যাসোসিয়েশনের সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই।
গণমাধ্যমের এসব বক্তব্যের সঙ্গে অ্যাসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা ও বিচারালয়-সংক্রান্ত সব বিষয় চাহিদামতো পূরণ করায় ওই মামলার রায় কার্যকর হয়েছে বলে অ্যাসোসিয়েশন মনে করে। তাই অ্যাসোসিয়েশন এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছে।