সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে জাজেস কমিটি গঠন
সুপ্রিম কোর্টের নিরাপত্তা-সংক্রান্ত জাজেস কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান এ তথ্য জানান।
অপর ছয় সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, জাজেস কমিটি সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করবে। সহজে বিচার আদালতে প্রবেশের অধিকার সমুন্নত রেখে কীভাবে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে আবশ্যিক চিন্তা ও আলোচনা করে কমিটি সুপারিশসহ প্রতিবেদন প্রধান বিচারপতির কাছে দেবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি আদালত কক্ষের ভেতর থেকে ১১ জানুয়ারি তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের একটি টয়লেট থেকে গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ১০ জন পুলিশ সদস্য চেয়ে গত সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবরে সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে চিঠি পাঠানো হয়।