সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা বুধবার
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ২৫ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র বলেছে, সুপ্রিম কোর্ট দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই ফুল কোর্ট সভা ডাকা হয়েছে। দায়িত্বরত প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন স্বাক্ষরিত একটি পত্র বিচারপতিদের বরাবরে পাঠানো হয়েছে।
২ অক্টোবর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন। এরপর ৩ ও ১৬ অক্টোবর ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। এ হিসাবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার প্রধান বিচারপতির কার্যভার নেওয়ার পর বুধবার তৃতীয় ফুল কোর্ট সভা হতে যাচ্ছে।