ভবিষ্যতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তাকে কারণ দর্শাতে বা কোনো বিষয়ে ব্যাখ্যা তলব করতে আইন মন্ত্রণালয়কে নিষেধ করেছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটি। পাশাপাশি ঢাকার মুখ্য বিচারিক হাকিম বেগম জেসমিন আরার কাছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের চাওয়া ব্যাখ্যা এখতিয়ারবহির্ভূত বলে ব্যাখ্যা দেওয়া থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত চলতি সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান ছুটি নিয়ে বিদেশে যান। পরে ছুটি বাড়ানোর জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট তা বৃদ্ধি না করে বিভাগীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেন। ওই কর্মকর্তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলা হয়। দেশে ফেরার পর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বিচারকাজে যোগ দেওয়ার অনুমতি দেন সুপ্রিম কোর্ট। এই অনুযায়ী ঢাকার মুখ্য বিচারিক হাকিম ওই যোগদানপত্র গ্রহণ করেন। এ বিষয়ে গত ২৭ অক্টোবর মুখ্য বিচারিক হাকিমের কাছে ব্যাখ্যা চায় আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, বিচার বিভাগে সংযুক্তকরত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষকে গোচরীভূত না করে কেন তাঁর (মোস্তাফিজুর রহমান) যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। এরপর মুখ্য বিচারিক হাকিম ব্যাখ্যা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এ বিষয় নিয়ে ১০ নভেম্বর জিএ কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সভাপতিত্ব করেন। সভায় ওই সিদ্ধান্ত হয়।