সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম পেশাজীবী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন (২০১৫-২০১৬) আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সোমবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে। মাঝে বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ প্রার্থী এবং স্বতন্ত্র তিনটিসহ মোট ৩১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে প্রতিবারের মতো এবারের নির্বাচনে এ দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ আইনজীবীদের।
আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত (সাদা প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও সম্পাদক পদে মো. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচন করছেন। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্রভাবে মো. ওবায়দুল হক পীরজাদা ও ইউনুছ আলী আকন্দ এবং সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম।
সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে এক সভাপতি, সহসভাপতি দুটি, সম্পাদক এক, কোষাধ্যক্ষ এক, দুটি সহসম্পাদক এবং সাতটি সদস্যপদে ভোট গ্রহণ হবে।
নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৩৬২।