উচ্চ আদালতে বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির কার্যালয়ের পাশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।এর আগে গত সোমবার সংগঠনটির নেতারা প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন।সেই অনুযায়ী মঙ্গলবার দুপুর একটার দিকে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজার নেতৃত্বে আইনজীবীরা সমিতির সভাপতির কক্ষে জড়ো হন। সমিতি ভবন থেকে আপিল বিভাগে যাওয়ার সংযোগ সেতুতে কয়েক মিনিট অবস্থান নিয়ে বিরোধী দল-সমর্থক আইনজীবীরা বিক্ষোভ প্রকাশ করেন। পরে আইনজীবীরা প্রধান বিচারপতির কার্যালয়ের দিকে যান। এ সময় তাঁরা প্রধান বিচারপতির বিপক্ষে নানা স্লোগান দেন। এদিকে প্রধান বিচারপতির কার্যালয়ের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একপর্যায়ে তাঁরা প্রধান বিচারপতির কোর্টের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। সমিতির পক্ষ থেকে এই কর্মসূচি ডাকা হলেও এ সময় সরকার-সমর্থক আইনজীবীদের দেখা যায়নি।অবস্থান কর্মসূচি চলাকালে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই বিচার বিভাগ ধ্বংস হতে দেব না। এটা দেশের সর্বোচ্চ আদালত। বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায়, সে জন্য অবশ্যই সোচ্চার হব।’ তিনি প্রধান বিচারপতিকে প্রচলিত নিয়ম অনুসারে বিচার বিভাগকে পরিচালনা করার অনুরোধ জানান। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আশা করি, প্রধান বিচারপতি বর্তমান অবস্থা থেকে ফিরে যাবেন। হাইকোর্টে প্রচলিত নিয়ম অনুসারে যাতে মামলা চলে, জনগণ যাতে ন্যায়বিচার পায় ও আগাম জামিনের সুযোগ পায়, তিনি সে ব্যবস্থা করবেন। আর তা না হলে পুনরায় আইনজীবীদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।