গণপূর্ত অধিদপ্তর বলেছে, অনুমতি নেওয়া হয়নি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের ছাদে চলছে ঘর নির্মাণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের ছাদে টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর বলেছে, তাদের আওতাভুক্ত ওই ভবনের ছাদে এসব ঘর নির্মাণের জন্য তাদের অনুমতি নেওয়া হয়নি। অধিদপ্তর এই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তা বন্ধ করা হয়নি। তবে আইনজীবী সমিতির সম্পাদক বলেছেন, আগেও এ ধরনের নির্মাণকাজের জন্য গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তহবিলের টাকায় সমিতির ভবনের ছাদে তিন ইঞ্চি দেয়াল দিয়ে বেশ কিছু টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। গত ৭ জানুয়ারি এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানুয়ারিতেই নির্মাণকাজ শুরু হয়। এখানে ছোট ছোট ঘর করে ভাড়া দেওয়া হবে। প্রতিটি ঘরের ভাড়া হবে প্রায় এক হাজার টাকা। চলতি মাসেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা।গণপূর্ত অধিদপ্তর বলেছে, ভবনের ছাদে টিনশেড ঘর নির্মাণের জন্য তাদের অনুমোদন নেওয়া হয়নি। অধিদপ্তরের (ঢাকা) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এই নির্মাণকাজ বন্ধ করতে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে অনুরোধ জানিয়ে চিঠি দেন। চিঠিতে জানানো হয়, সমিতির ভবনের ওপর প্রস্তাবিত নির্মাণকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু নির্মাণকাজ বন্ধ না হওয়ায় অধিদপ্তর এ বিষয়ে ৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর অধিদপ্তর এই নির্মাণকাজ বন্ধ করে স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দেয়। মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, যেহেতু ভবনটি গণপূর্ত অধিদপ্তরের আওতাভুক্ত, তাই ভবনের ছাদে অধিদপ্তরের মতামত ছাড়া কোনো ধরনের নির্মাণকাজ বা স্থাপনার জন্য দরপত্র আহ্বান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, এ-সংক্রান্ত ফাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁকে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন। জানা গেছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (আইন শাখা) মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা রোববার প্রথম আলোকে বলেন, এ ধরনের স্থাপনার বিষয়ে আগে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে তাঁরাও অনুমতি নেননি। সমিতির নির্বাহী কমিটি ও সাধারণ সভায় এই নির্মাণকাজের সিদ্ধান্ত নেওয়া হয়। দরপত্র আহ্বানের সময় কেন গণপূর্ত অধিদপ্তর আপত্তি করেনি। এক মাস পর নির্মাণকাজ যখন প্রায় শেষ পর্যায়ে, তখন কাজ বন্ধ করতে চিঠি দেওয়া হয়েছে।এম বদরুদ্দোজা বলেন, আসলে এই নির্মাণকাজ কোনো বিষয় নয়, যেহেতু সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি-সমর্থিত, সেহেতু উদ্দেশ্যমূলকভাবে এখন তাঁদের স্থাপনা নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।টেলিফোনে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর সঠিক বলতে পারবে।জানতে চাইলে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। বিভিন্ন সময় এই সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদসহ অনেকে। তাঁরাও গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়েই কাজ করেছেন। তাই সমিতির সম্পাদক যে মন্তব্য করেছেন, তা ঠিক নয়। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।