সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি আদালতকক্ষ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ সদস্য চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠানো হয়। গতকাল সকাল থেকেই আদালত প্রাঙ্গণে প্রবেশের ফটকগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
গত রোববার হাইকোর্টের এনেক্স ভবনের দুটি আদালতকক্ষ থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের একটি টয়লেট থেকে পিস্তল উদ্ধার করা হয়। এরপর গতকাল সকাল থেকে আদালত এলাকায় প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রবেশপথে গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা যায়।
যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আপাতত বাড়তি নিরাপত্তার জন্য আরও ১০ জন পুলিশ সদস্য চাওয়া হয়েছে। অনভিপ্রেত ঘটনা এড়াতে নিজস্ব নিরাপত্তায় সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু তল্লাশির মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। প্রবেশের প্রতিটি পথে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, নিরাপত্তার এসেসমেন্ট করার জন্য ইতিমধ্যে পুলিশের বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টে পুলিশের ১৩০ জন সদস্য ছিলেন। গতকাল ২০ জন সদস্য বাড়ানো হয়। আরও পুলিশ সদস্য প্রয়োজন।
গতকাল নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালতে বোমার পেছনে অবরোধকারী-জঙ্গিবাদীদের হাত থাকতে পারে। বোমা রাখার বিষয়টি দুশ্চিন্তার। তিনি বলেন, অতীতে জঙ্গিবাদীদের প্রধান টার্গেট ছিল আদালত। ২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছে। আদালতেও বোমা হামলা হয়েছে। গাজীপুরের আদালতে বোমা হামলায় আইনজীবীরা এবং ঝালকাঠিতে বিচারক মারা গেছেন।
মাহবুবে আলম বলেন, যে আদালতকক্ষে (এনেক্স ভবনের ৯ নম্বর) বোমা রাখা হয়েছে, ওই আদালতে বাঁশের কেল্লা সমর্থনকারীদের টেলিকমিউনিকেশনবিষয়ক একটি মামলা রয়েছে। এর মালিকানায় বিএনপির নেতার পরিবারের সদস্য।
এদিকে অবরোধের সমর্থনে দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালতের প্রবেশমুখে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার রেকর্ড দেখে বের করুন কারা বোমা নিয়ে ঢুকেছে।’ তিনি বলেন, সরকার পতনের বর্তমান আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে বোমা রাখা হয়েছে।