সুপ্রিম কোর্ট প্রশাসনের ৬ পদে নতুন মুখ
আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারসহ সুপ্রিম কোর্টের ছয়টি প্রশাসনিক পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ছুটি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার পর এসব পদে থাকা কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়।
নতুন নিয়োগের বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। দায়িত্ব পালনরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার অভিপ্রায় অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার করা হয়েছে। একই জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকেও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে হাইকোর্ট বিভাগে বিশেষ কর্মকর্তা, মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এবং চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে দায়িত্ব দেওয়া হয় আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে।