চট্টগ্রামে সংবাদ সম্মেলন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরাতে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবিতে ২৪ ফেব্রুয়ারি বাদ জুমা ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
এর আগে ১৪ ফেব্রুয়ারি একই দাবিতে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে জেলা শহরগুলোতে পরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। ভাস্কর্যটিকে গ্রিক দেবীর মূর্তি হিসেবে উল্লেখ করেন সংগঠনের নেতারা।
হেফাজতের দাবির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপনের নজির নেই। গ্রিক দেবীর মূর্তিকে ভাস্কর্য বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে গ্রিক দেবীর ন্যূনতম সম্পর্ক নেই। মুসলমানরা স্থাপত্যকলা ও শিল্পকলার বিরুদ্ধে নয়।
সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা বিদ্যমান বিচারব্যবস্থার সংস্কার দাবি করেন। তাঁরা বলেন, ব্রিটিশদের রেখে যাওয়া আইন ও নীতিমালা এ দেশের বিচারব্যবস্থায় চালু রাখার অর্থ হচ্ছে তাদের গোলামি থেকে এখনো মুক্ত হতে না পারা। এই ব্যর্থতা স্বীকার করতে হবে। দেশের বিচারব্যবস্থা, আইন ন্যায় ও ইনসাফের প্রতীক পবিত্র কোরআনের আলোকে ঢেলে সাজাতে হবে।
সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা বলেন, দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সর্বোচ্চ স্থান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথিত গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রধর্ম ইসলামের অবমাননাও বটে। তাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে হবে।