সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিরোধী দল-সমর্থিত আইনজীবীদের মিছিল। ছবি: মনিরুল আলম
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিরোধী দল-সমর্থিত আইনজীবীদের মিছিল। ছবি: মনিরুল আলম

দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে দুদিন ধরে চলা রাজনৈতিক হানাহানির ঘটনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সেখানে সরকার ও বিরোধী দল-সমর্থিত আইনজীবীরা পৃথক কর্মসূচি পালন করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ।

পরিষদের সুপ্রিম কোর্ট ইউনিটের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আইনজীবী নেতারা বক্তব্য দেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘সুপ্রিম কোর্টে বহিরাগতদের দিয়ে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। এই অঙ্গনের পবিত্রতা রক্ষা করতে হবে।’

দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা। তাঁরা মিছিল নিয়ে সমিতি ভবন প্রদক্ষিণ করে সুপ্রিম কোর্টের মূল ফটকের দিকে যান। পরে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করে সমিতি ভবন প্রাঙ্গণে সমাবেশ করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দেন।

বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা মিছিল নিয়ে সমিতি ভবনের উত্তর হলের বারান্দা দিয়ে যাওয়ার সময় সেখানে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিবাদ সভা চলছিল।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার-সমর্থিত আইনজীবীদের মিছিল। ছবি: মনিরুল আলম
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার-সমর্থিত আইনজীবীদের মিছিল। ছবি: মনিরুল আলম

পরিষদের ওই সভায় লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি আবদুল বাসেত অভিযোগ করেন, কয়েক দিন ধরে আন্দোলন-সংগ্রামের নামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলকে ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো সময় প্রতিষ্ঠান দুটিকে দলীয় প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা কাম্য নয়।
টানা দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে রাজনৈতিক হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল সেখানে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীদের সঙ্গে আওয়ামী মহিলা যুবলীগের নেতা-কর্মীদের ইট ও জুতা ছোড়াছুড়ি হয়।

সুপ্রিম কোর্টের বিধিমালা অনুসারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করাই নিষেধ। ২০১২ সালে সর্বশেষ সংশোধিত সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩-এর বিবিধ অধ্যায়ে বলা হয়েছে, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী অথবা যেকোনো ব্যক্তি আদালত প্রাঙ্গণে বা আদালত ভবনের কোনো অংশে মিছিলের আয়োজন বা অংশ নিতে বা স্লোগান দিতে পারবেন না অথবা বিক্ষোভ প্রদর্শন বা সভা করতে পারবেন না। প্রায়ই এই বিধি ভঙ্গ করে আদালত চত্বরে সভা-সমাবেশ বা মিছিল করেন আইনজীবীরা, এমনকি আদালত ভবনের ভেতরেও উচ্চস্বরে স্লোগান দিয়ে মিছিল করেন। তবে আদালত চত্বরে আইনজীবীদের ওপর চড়াও হয়ে এমন মারধরের ঘটনা বিরল।