
বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী। তিনি বলেছেন, আইনজীবীরা গণতন্ত্রের অগ্রযাত্রায় শামিল আছেন, থাকবেন এবং আন্দোলনে কাঙ্ক্ষিত সাফল্য না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে।
প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের আলোচনার বিষয়ে গতকাল বুধবার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জে মোহাম্মদ আলী এ সময় আরও বলেন, পরিষ্কাভাবে বলতে চাই, গতকাল (মঙ্গলবার) মিটিংয়ে কোনো দলীয় প্রতিনিধিত্বের ভিত্তিতে বৈঠক বা আলোচনা ছিল না। ওই মিটিংয়ে কোনো সমঝোতা হওয়ার প্রশ্নই ওঠে না।
এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই দুইটার দিকে বিএনপি-সমর্থক আইনজীবীরা সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও বার কাউন্সিলসংলগ্ন ফটক প্রদক্ষিণ করে সমিতি ভবনের সামনে সমবেত হন। সেখানে তাঁরা সমাবেশ করেন।
এ বিষয়ে পরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, জামায়াত-বিএনপির চাপে পড়ে তিনি (সমিতির সভাপতি) সমঝোতার কথা অস্বীকার করছেন।
১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ২৯ ও ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি হয়। এর পুনরাবৃত্তি এড়াতে ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে গত বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আলোচনা ও মতামত দিতে জ্যেষ্ঠ আইনজীবী, সমিতির সাবেক ও বর্তমান সভাপতি ও সম্পাদকদের ডাকেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবী আছেন।
বৈঠকের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একটা ব্যাপারে মতৈক্যে পৌঁছেছি, আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল করব না। রাজনৈতিক বা পেশাগত অনুষ্ঠান থাকলে সমিতি ভবন ও মিলনায়তন আছে, সভা হলে সেখানে হবে।’
গতকাল দুপুরে ওই আলোচনার বিষয়ে সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের কয়েকজন বিচারপতি আমাদের সঙ্গে ২৯ ও ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আলোচনা শুরু করেন। প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বহিরাগতদের সুপ্রিম কোর্টের আক্রমণের বিষয়ে নির্লিপ্ত থাকায় আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করি। কারণ পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের হামলায় শুধু আমি নই, অসংখ্য আইনজীবীর নিহত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল।’
রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ওই আলোচনার জন্য কাউকে আহ্বান করা হয়নি জানিয়ে লিখিত বক্তব্যে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আলোচনায় সিদ্ধান্ত হয় আলোচ্য বিষয়বস্তু আলোচকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আলোচনার পরপরই আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত আইনজীবীরা এবং অ্যাটর্নি জেনারেল শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি আমাদের ডেকে বক্তব্য শুনেছেন। ওখানে এ জে মোহাম্মদ আলী বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মিছিল-সমাবেশের পক্ষে না।’ সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার জন্য সভা-সমাবেশ করা হবে না। তবে দরকার হলে মাজার গেট ব্যবহার করবেন বলে মত প্রকাশ করে এসেছেন। কিন্তু আজ তিনি (সমিতি সভাপতি) জামায়াতি বা বিএনপির হার্ডলাইনের ব্যক্তিদের চাপ থাকায় হয়তো সমঝোতার কথা অস্বীকার করছেন।