প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে উভয় পক্ষের আইনজীবীদের অঙ্গীকার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নয়
ভবিষ্যতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল, সভা ও স্লোগান দেওয়া হবে না। পেশাগত কোনো কর্মসূচি বা অনুষ্ঠান থাকলে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ও ভবনে করা হবে। আর মিছিল নিয়ে যদি আইনজীবীদের বের হতেই হয়, তা হাইকোর্টের মাজারসংলগ্ন ফটক দিয়ে বের হয়ে যাবেন।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত জ্যেষ্ঠ আইনজীবীরা এ অঙ্গীকার করেছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম পরে সাংবাদিকদের এ কথা জানান।
গতকাল বেলা সোয়া দুইটা থেকে চারটা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, এ এফ এম মেসবাহ উদ্দিন ও হাবিবুল ইসলাম ভূঁইয়া, বর্তমান সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, বশির আহমেদ, শ ম রেজাউল করিম, এম বদরুদ্দোজা ও বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার এবং জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আনিসুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া আপিল বিভাগের ছয়জন বিচারপতিও এতে অংশ নেন। বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার ও সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর পুনরাবৃত্তি এড়াতে এবং সর্বোচ্চ আদালতের মর্যাদা রক্ষায় আলোচনা ও মতামত দিতে আইনজীবীদের এ বৈঠকে ডাকেন প্রধান বিচারপতি।
এ এফ হাসান আরিফ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈরাজ্য ছড়িয়ে পড়লে তা সমর্থনযোগ্য নয়। বহিরাগতরা এসে আইনজীবী ও নারী আইনজীবীদের মারধর করা খুবই নিন্দনীয়। তিনি বলেন, ‘বাইরের কেউ এসে যাতে এই প্রাঙ্গণ ও সমিতি ভবনে নৈরাজ্য না করতে পারে সে জন্য ফুল কোর্ট সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মত দিয়েছি।’
এম বদরুদ্দোজা বলেন, বহিরাগত বা আইনজীবী, যে-ই হোক, কোনো পক্ষের দ্বারা যাতে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।
পাল্টাপাল্টি কর্মসূচি: এর আগে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবীরা। এর মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখা আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সভা করে।
অন্যদিকে দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা। তাঁরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করে সমিতি ভবনের সামনে সমাবেশ করেন। প্রায় একই সময়ে সমিতি ভবনের উত্তর হলে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।
অনশন কর্মসূচি: প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের আগে বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সভায় সর্বোচ্চ আদালতের মর্যাদায় রক্ষায় কাল বৃহস্পতিবার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী।