সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকারপন্থীদের হামলা
দেশের সর্বোচ্চ বিচার অঙ্গন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল রোববার বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দুই নারী আইনজীবীকে লাথি, কিল-ঘুষি মারা হয় এবং লাঠি দিয়ে পেটানো হয়। হামলায় আরও বেশ কয়েকজন আইনজীবী আহত হন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাইরে থাকা পুলিশ হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেনি। একপর্যায়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী এবং তাঁদের সঙ্গে থাকা কয়েকজন যুবক ও কিশোর একটি ভবনে উঠে হামলাকারীদের লক্ষ্য করে ইট, কাচের বোতলসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারেন। পরে পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীসহ সাতজনকে আটক করে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা গতকালের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রতিটি ফটকসহ আশপাশে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় সব ফটকই ছিল বন্ধ। সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে মৎস্য ভবনের কাছের ফটকে এসে কর্মসূচির সমর্থনে ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইনজীবীদের সংখ্যা বাড়তে থাকে। পৌনে ১২টার দিকে আইনজীবীরা ফটকের বাইরে আসতে চাইলে পুলিশ কিছুটা এগিয়ে আসে। তখন আইনজীবীদের পাশ থেকে একটি ইটের টুকরা এসে পুলিশের ওপর পড়লে পুলিশ রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর দফায় দফায় আইনজীবীরা ফটকের কাছে এসে বিক্ষোভ করেন, পুলিশ পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
দুপুরের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ওই ফটকের কয়েক গজ দূরে আরেকটি ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে দুটি মিছিল এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। কিছুক্ষণ পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে দৌড়ে মৎস্য ভবনের কাছের ফটকের সামনে গিয়ে ভেতরে থাকা বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘বাইর হ’ ‘বাইর হ’। জবাবে ওপাশ থেকে স্লোগান দেন আইনজীবীরা। এর একপর্যায়ে সরকারদলীয় নেতা-কর্মী-সমর্থকেরা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ভিড় ঠেলে ফটক খুলে ঢুকে পড়েন। তাঁদের ধাওয়ায় ওই আইনজীবীরা দৌড়াতে থাকেন। হামলাকারীরা এ সময় আইনজীবী সিমকী ইমাম খানকে প্রায় ঘিরে ধরে লাথি, কিল-ঘুষি মারেন এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন। আরেক আইনজীবী রেহানা পারভীনকেও একইভাবে মারধর করা হয়। মারধরে তাঁর বাঁ পায়ের তালু ফেটে রক্ত বের হচ্ছিল। তাঁকে নাজেহালও করা হয়। লাঠিপেটা ও মারধরে আরও কয়েকজন আইনজীবী আহত হন।
সিমকী ইমাম খান প্রথম আলোকে বলেন, ‘১৫-২০ জন ছেলে লাঠি দিয়ে মেরে ও লাথি মেরে আমাকে ফেলে দিয়ে মাথা, হাতসহ সারা শরীরে এলোপাতাড়ি আঘাত করেছে। তারা আমার কাপড়-চোপড় ছিঁড়ে ফেলেছে এবং গলা ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। কান ধরে টেনে বলেছে, “আর মিছিল করবি? আর বিএনপি করবি।” কয়েকজন সাংবাদিক ভাই এসে না বাঁচালে আমাকে তারা মেরেই ফেলত।’
ধাওয়ার মুখে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা পশ্চিম দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ঢুকে কলাপসিবল ফটকে তালা লাগিয়ে দেন। তখন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা ভবনের পাশে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। কয়েকজন আইনজীবী এরপর ছাদে ওঠেন, তাঁদের সঙ্গে ছিল কয়েকজন কিশোর ও যুবক। তাঁরা এ সময় পশ্চিম ও পূর্ব দিকের ভবন সংযোগকারী সেতুতে দাঁড়িয়ে নিচে ইটের টুকরা, কাচের বোতল, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারেন। জবাবে নিচে অবস্থানকারীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। প্রায় আধা ঘণ্টা এ অবস্থা চলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছিলেন না।
বিকেল পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদের তৌহিদুর রহমানসহ কয়েকজন গিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সরিয়ে দেন এবং ওপরে থাকা আইনজীবী-যুবক ও কিশোরদের কিছু না ছোড়ার আহ্বান জানান। তৌহিদুর প্রথম আলোকে বলেন, তিনি পরিস্থিতি সামাল দিতে এসেছেন। এরপর তিনিসহ সঙ্গে থাকা কয়েকজন ভবনের তালাবদ্ধ ফটকের সামনে গিয়ে ভেতরে থাকা কয়েকজনকে তালা খুলতে বলেন। তখন ভেতরে থাকা রফিকুল হক তালুকদার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আজ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। সরকারের কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করেছে।’ তৌহিদুর তাঁকে বক্তব্য বন্ধ করে তালা খুলতে বলেন। কিন্তু রফিকুল বক্তব্য অব্যাহত রাখলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। এর মধ্যেও রফিকুল বলেন, ‘আমাদের দুজন আইনজীবী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন আরও ২০-২৫ জন। তালা দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আগে কখনো সুপ্রিম কোর্টে ঢুকে এ ধরনের হামলা হয়নি। আমরা এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
রফিকুলের সঙ্গে থাকা আইনজীবীরা বলেন, পুলিশ, র্যাব ও ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভেতরে ঢুকে এ হামলা চালিয়েছে। এ হামলায় পুলিশ-র্যাবও জড়িত। সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে এ ধরনের হামলার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বক্তব্যের একপর্যায়ে তৌহিদুর ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ওই স্থান ত্যাগ করেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হাসানের নেতৃত্বে একদল পুলিশ আদালত প্রাঙ্গণে ঢুকে ওই ভবনের সামনে আসে। সঙ্গে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। তখন দুই ভবনের সংযোগকারী সেতুর একটি খুঁটি ঘেঁষে আগুন ধরানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিচ থেকে পানি ছিটিয়ে তা নেভান।
পুলিশ কর্মকর্তারা ভবনের ওপরে থাকা আইনজীবীদের তালা খুলে বের হয়ে চলে যেতে বলেন। আইনজীবীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে বলেন, ‘আপনারা কী নিরাপত্তা দেবেন? আপনারা আপনাদের কাজ করেন।’ পরে সন্ধ্যা ছয়টার দিকে কলাপসিবল ফটকের তালা খুলে অনেকেই বের হয়ে যান। জানা গেছে, ভেতরে আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবীও আটকা পড়েছিলেন। কলাপসিবল ফটকে তালা লাগানোর বিষয়টি কোনো পক্ষই স্বীকার করেনি।
পুলিশ ওই সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতপন্থী চারজন আইনজীবী ও তিন যুবককে আটক করে।