সুপ্রিম কোর্ট সমিতির নির্বাচনে ২৮৮ জন দ্বৈত ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটার তালিকায় ২৮৮ জন দ্বৈত ভোটার রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা। গতকাল সোমবার নির্বাচন উপকমিটির আহ্বায়ক আবুল কাসেম এম ফজলুল হকের কাছে এ অভিযোগ করেছেন নির্বাচনে ফোরামের সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ও মো. বদরুদ্দোজা বাদল। ভোটারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগে বলা হয়, আইন অনুযায়ী একজন আইনজীবী একাধিক আইনজীবী সমিতির ভোটার হতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২৮৮ জন ভোটারের নাম রয়েছে, যাঁরা ঢাকা আইনজীবী সমিতির ভোটার ছিলেন। এমনকি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ ও পাঠাগারবিষয়ক সম্পাদকও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটার। বিষয়টি অবৈধ ও বেআইনি। উল্লেখ্য, ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ভোটারসংখ্যা এক হাজার ৯৭১ জন। আবুল কাসেম এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের কপি পেয়েছি। তবে নির্বাচন উপকমিটির কাছে এ ধরনের অভিযোগ করার সুযোগ নেই। বিষয়টি দেখার দায়িত্ব নির্বাহী কমিটির।