সুপ্রিম কোর্টকে দুটি ব্লক বুঝিয়ে দিল সওজ
সড়ক ভবনের অধীনে থাকা ‘বি’ এবং ‘সি’ ব্লক সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ‘এ’ ব্লক এবং কেন্দ্রীয় সার্ভার স্টেশন (এমআইএস) শাখার স্থান ‘যত দ্রুত সম্ভব’ ছেড়ে দিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।শুনানির সময় সন্ধ্যার আগেই ওই দুটি ব্লক ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। আদালত যোগাযোগসচিবকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে অন্য তিন কর্মকর্তাকে ৯ এপ্রিল হাজির হতে বলা হয়েছে।গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বি’ এবং ‘সি’ ব্লক বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ‘এ’ ব্লক এবং এমআইএস শাখা যত দ্রুত সম্ভব ছেড়ে দিতে বলেছেন। এ ছাড়া পেছনে থাকা আনসার বিল্ডিং, কেয়ারটেকিং বিল্ডিং, দুটি স্টোর রুম ও একটি পাম্প হাউস বুঝিয়ে দেওয়া হয়েছে।গত ১৬ ফেব্রুয়ারি আদালত এক সপ্তাহের মধ্যে সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বুঝিয়ে দিতে বলেন।