সুপ্রিম কোর্টে আইনজীবীদের অনশন, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ডানপাশে খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে চলছে অনশন কর্মসূচি। সুপ্রিম কোর্টের মর্যাদা, ভাবমূর্তি ও পবিত্রতা সুরক্ষার দাবিতে সমিতি ভবনের সামনে মানববন্ধন করছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। কোনো ব্যানার ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষের সামনে একদল আইনজীবী সমাবেশ করছেন।

সুপ্রিম কোর্টে গত ২৯ ও ৩০ ডিসেম্বর আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কর্মসূচিতে সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, সমিতির সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, সাবেক সম্পাদক এম বদরুদোজ্জা, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুসসহ প্রমুখ উপস্থিত রয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সংহতি প্রকাশ করতে যান বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী ও জাসদের আ স ম আবদুর রব। সমিতির প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। শুরুতেই জানানো হয়, বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

দুুপুর ১২টার দিকে সরকারের সমর্থক গণতান্ত্রিক আইনজীবী সমিতি তাদের মানববন্ধন শুরু করে। সেখানে সুব্রত চৌধুরী, জাহেদুল বারিসহ অন্তত ২০ জন আইনজীবী রয়েছেন। আর ব্যানার ছাড়া সমাবেশে রয়েছেন প্রায় ৪০ জন আইনজীবী। তাঁরা আদালতের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সমিতিকে দলীয় স্বার্থে ব্যবহার না করার দাবিতে এই সমাবেশ করছেন।

শীতকালীন ছুটি শেষে আজ উচ্চ আদালত খুলেছেন। সকাল সোয়া নয়টা থেকে আপিল বিভাগের বিচারকার্যক্রম চলতে দেখা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনশন কর্মসূচির শুরুতে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল হক তালুকদার জানান, ওই হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ গ্রেপ্তার হওয়া সব আইনজীবীর মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

গত  মঙ্গলবার দুপুরে এক জরুরি সভায় সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন। সমিতির নেতৃত্বে আছেন বিরোধী দলের সমর্থক আইনজীবীরা।