বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে তিন লাখ ৩০ হাজার ৮৩১টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে আপিল বিভাগে পাঁচ হাজার ২৬০টি এবং হাইকোর্ট বিভাগে তিন লাখ ২৫ হাজার ৫৭১টি মামলা বিচারাধীন। গত জানুয়ারি পর্যন্ত দেওয়া হিসাবে এই পরিসংখ্যান পাওয়া গেছে।জাতীয় সংসদে গতকাল সোমবার নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ সংসদকে এ তথ্য জানান। প্রশ্নোত্তরপর্বের আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গত অর্থবছরে পাঁচ হাজার ৯৫৩ জন পুরুষ, তিন হাজার ১৭৫ জন নারী, ৩২ জন শিশুসহ নয় হাজার ১৬০ জনকে সরকারি খরচে আইনি সাহায্য দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরীহ ও হতদরিদ্র আসামিদের সরকারিভাবে আইনি সহায়তা ব্যাপকভাবে দেওয়ার পরিকল্পনা সরকার নিয়েছে। এ জন্য আইনগত সহায়তা প্রদান নীতিমালার অধীনে আইনমন্ত্রীকে প্রধান করে ১৯ সদস্যবিশিষ্ট ‘জাতীয় আইন সহায়তা সংস্থা’ গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তাকে এই সংস্থার পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতি জেলায় জেলা ও দায়রা জজকে সভাপতি এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালে জেলা কমিটি এ ধরনের দুই হাজার ৩৫০টি ফৌজদারি মামলায় আইনি সহায়তা দিয়েছে।আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার জন্য গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে চেয়ারম্যান করে একজন সার্বক্ষণিক এবং পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ করে পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে।