সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় সম্মেলন শুরু
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল শুক্রবার অধস্তন আদালতের বিচারকদের বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্মেলনের উদ্বোধন করেন। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে। সারা দেশ থেকে আসা প্রায় ২০০ জন সহকারী জজ সম্মেলনে যোগ দেন। দ্বিতীয় দিনে আজ বিচার বিভাগীয় হাকিমেরা সম্মেলনে যোগ দেবেন। সূত্র জানায়, সম্মেলনে সহকারী বিচারকেরা এজলাস, খাসকামরা ও পরিবহনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান বিচারপতি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি সমস্যা সমাধানে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান। প্রধান বিচারপতি নিম্ন আদালতে মামলাজট নিরসনে এবং দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালতের সময় ও বিচারকাজ যাতে ব্যাহত না হয়, সেদিক বিবেচনা করেই প্রতি শুক্র ও শনিবার সম্মেলনের আয়োজন করা হয়েছে।শেখ হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, দ্বিতীয় দিনে আজ শনিবার বিচার বিভাগীয় হাকিমেরা সম্মেলনে অংশ নেবেন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার চলা এ সম্মেলন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে।