সুপ্রিম কোর্টে মামলার নথি সংরক্ষণে কার্যকর উদ্যোগ
সুপ্রিম কোর্টে মামলার নথিপত্র সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিষ্পন্ন কাজ সারতে গতকাল শুক্রবার ছুটির দিনেও সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা ১০ মিনিট পর্যন্ত কাজ করেছেন সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, রিট, রুল, ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ), আপিল শাখাসহ জেলাভিত্তিক বিচারাধীন মামলাগুলোর দায়িত্বে নিয়োজিত শাখার কর্মকর্তা-কর্মচারীরা সবাই অনিষ্পন্ন কাজে ব্যস্ত ছিলেন। সূত্র জানায়, উচ্চ আদালতের অব্যবস্থাপনা ও মামলার নথিপত্র সংগ্রহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। মামলার নথিপত্র যাতে হারিয়ে না যায় এবং প্রয়োজনের সময় খুব সহজেই নথিপত্র পাওয়া যায়, সে লক্ষ্যে নিজ নিজ শাখার কর্মরত ব্যক্তিরা কাজ করছেন।এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা সারা দিন কাজ করেছেন। শাখাগুলো (সেকশন) পুনর্বিন্যাস করা হয়েছে। মামলার নথিপত্র যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে উচ্চ আদালতের চিত্র পাল্টে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ঢাকার চট্টগ্রাম সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সুপ্রিম কোর্টের অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আমি সেকশনের কর্মকর্তাদের বিশৃঙ্খলা দূর করার জন্য অনুরোধ করেছি। তাঁরাও কথা দিয়েছেন, বিশৃঙ্খলা থাকবে না। আমি বিশ্বাস করি, তাঁরা এ কাজ করবেন ও অবকাঠামোগত পরিবর্তন হবে।’