সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হচ্ছে
সুপ্রিম কোর্টের দুই বিভাগেই আবার শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আগামী বুধবার থেকে এই বিচার কার্যক্রম শুরু হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে ভার্চ্যুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম চলে আসছিল। তবে এবার কঠোর স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আগামী ১ ডিসেম্বর (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হবে।