সুপ্রিম কোর্টে ১৫ বছরের পুরোনো বিচারাধীন মামলা ৩৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে ১৫ বছরের ঊর্ধ্বকালের বিচারাধীন মামলার সংখ্যা ৩৮ হাজার ৩৭৬ এবং ১০ বছরের উর্ধ্বকালের বিচারাধীন মামলার সংখ্যা ৯৫ হাজার ১২১টি।জাতীয় সংসদে গতকাল বুধবার এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপি গতকালও সংসদে যোগ দেয়নি। এ নিয়ে গত সোমবার শুরু হওয়া চলতি অধিবেশনের তিন দিনই অনুপস্থিত থাকল বিএনপি।জাতীয় পার্টির এম এ জব্বারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন আদালতে মামলাজট কমাতে সরকার বিকল্প বিরোধ-নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। আদালতের বাইরে উভয় পক্ষের সম্মতিতে বিভিন্ন মামলা নিষ্পত্তি করা হবে। জনগণের হয়রানি রোধে শিগগির সরকার এ ব্যবস্থা চালু করবে। সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ। তিনি বলেন, অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ও এজলাসের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার কাজ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে। চলতি অর্থবছরে এই খাতে এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে অবস্থান করলেও তাঁদের বিচার করতে আইনগত কোনো বাধা নেই।বজলুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার জন্য দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হচ্ছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি কৌঁসুলি (পিপি) ও সহকারী সরকারি কৌঁসুলিদের (এপিপি) সম্মানী বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।শূন্য পদের সংখ্যা দুই লাখ ১০ হাজার ৬৮৬টি: সংসদকার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, দেশে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা দুই লাখ ১০ হাজার ৬৮৬টি। আওয়ামী লীগের হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।