সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের
তথ্য অধিকার আইন অনুসারে সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তথ্যকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে গত ২৬ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদনকারী হয়ে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে শিশির মনির প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।
রিটের পর এই আইনজীবী বলেছিলেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর মৃত্যুদণ্ডাদেশ–সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হয়েছিল।
ছয় মাস পেরোলেও এই তথ্য সরবরাহ না করায় তথ্য অধিকার আইনের বিধান বাস্তবায়নে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়।
রিট আবেদনকারীর যুক্তি, ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুসারে সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্য সেল প্রতিষ্ঠা এবং তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান আছে। অথচ সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সুনির্দিষ্ট কোনো তথ্য সেল বা তথ্য কর্মকর্তা নেই। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, অবাধ তথ্যপ্রবাহ ব্যক্তির মৌলিক অধিকার। তথ্য সেল না থাকায় এ অধিকার খর্ব হচ্ছে।