সুপ্রিম কোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে সৈয়দ আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এর আগে শুধু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং আপিল ও হাইকোর্ট বিভাগের জন্য অতিরিক্ত রেজিস্ট্রারের পদ ছিল। ১ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্টের রেজিস্ট্রারসহ নয়টি পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে আইন ঃমন্ত্রণালয়। নতুন পদ সৃষ্টির পরিপ্রেক্ষিতে গতকাল সৈয়দ ঃআমিনুল ইসলামকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছিলেন সৈয়দ আমিনুল। এর আগে তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।