সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিশেষ ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারপতিরা মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা পাবেন। গতকাল সোমবার এ বিধান রেখে সুপ্রিম কোর্ট জাজেস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস (ভাতা ও সুবিধা) সংশোধন আইন-২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৩ সালের চতুর্থ-ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভা ওই প্রতিবেদনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত মন্ত্রিসভার ২২৮টি বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক হাজার ৫০৮টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এক হাজার ৪২৭টি। নীতি ও কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে ৪৯টি। চুক্তি ১১৮ ও আইন পাস করা হয়েছে ২৭১টি। বিএনপি সরকারের আমলে ২০০১-০৬ পর্যন্ত বৈঠকসংখ্যা ছিল ২০৮টি, গৃহীত সিদ্ধান্ত ৭৪৫টি, বাস্তবায়িত সিদ্ধান্ত ৬১১টি, নীতি ও কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে ২৭টি। চুক্তি ৬৭টি ও আইন পাস করা হয় ১৭৫টি। বৈঠকে যুব সংগঠন আইন ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন অনুযায়ী, কোনো যুব সংগঠন আইন লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৈঠকে সরকারের নির্বাচনী ইশতেহার পূরণে অগ্রাধিকারমূলক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত পাঁচ বছরের অভিজ্ঞতা (উপস্থাপন, সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়ন) এবং বর্তমান নির্বাচিত সরকারের ইশতেহারের আলোকে মন্ত্রণালয় ও বিভাগগুলো একটি কার্যক্রমের তালিকা প্রস্তুত করবে। প্রথম কাজ হবে ইশতেহারের আলোকে কর্মসূচি ও প্রকল্প গ্রহণ, নতুন আইন বা আইন সংশোধন, কর্মকৌশল ইত্যাদির বিষয়ে তালিকা করা।