সুপ্রিম কোর্টের ভাস্কর্য স্থানান্তর বা বিকল্প নিয়ে আলোচনা
সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে স্থানান্তর বা ঈদের নামাজের সময় জাতীয় ঈদগাহ থেকে যাতে দেখা না যায়, এমন কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে সরকারি মহলে কথাবার্তা চলছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকেও এই ভাস্কর্য নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত দুজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ভাস্কর্যের বিষয় নিয়ে গত শনিবার বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তাঁর কথা হয়েছে।
একজন মন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনার এক পর্যায়ে গ্রিক দেবী থেমেসিসের ভাস্কর্যে শাড়ি পরানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যেও এ নিয়ে আলোচনা আছে। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি মনে করেন, সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি গ্রিক দেবীর প্রতিকৃতি। এটি ন্যায়বিচারের প্রতীক। কিন্তু দেশের মানুষের মধ্যে এ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে। সুপ্রিম কোর্টের পাশে জাতীয় ঈদগাহ, সেখানে মুসল্লি যাঁরা আসেন, তাঁদের অনুভূতিতে আঘাত লাগার অবস্থা সৃষ্টি হতে পারে।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার আরও বলেন, বিতর্ক সৃষ্টি না করে ভাস্কর্যটি অন্যত্র সরিয়ে নেওয়া যেতে পারে। এটা তাঁর ব্যক্তিগত অভিমত। এ নিয়ে বিভিন্ন আইনজীবী তাঁর কাছে একই ধরনের মত ব্যক্ত করেছেন।
ঈদের নামাজের সময় ভাস্কর্যটি ঢেকে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে বলে তাঁর জানা নেই।
রেজিস্ট্রার জেনারেল দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনে এ নিয়ে এখনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। প্রধান বিচারপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। ২৩ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা।
কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, আওয়ামী ওলামা লীগসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন এই ভাস্কর্য অপসারণের দাবি করে আসছে। ১১ এপ্রিল গণভবনে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, গ্রিক দেবী থেমেসিসের ভাস্কর্য স্থাপন তিনি নিজেও পছন্দ করেননি। এটাকে শাড়ি পরানোও হাস্যকর হয়েছে। ওই দিন বাসসের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ওই বৈঠকে আরও বলেছিলেন, ‘ইতিমধ্যে প্রধান বিচারপতিকে আমি খবরটা দিয়েছি এবং শিগগির ওনার সঙ্গে এ বিষয় নিয়ে বসব, আলোচনা করব এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এটা এখানে থাকা উচিত নয়।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন গতকাল প্রথম আলোকে বলেন, এই ভাস্কর্য নিয়ে বিভিন্ন মহল বিচ্ছিন্নভাবে আলাপ-আলোচনা করেছে। কিছু আইনজীবী ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। সরকারপ্রধান যখন এমন একটি বক্তব্য দেন, তখন বাংলাদেশের প্রধান বিচারপতিকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে।
সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের বিবৃতি
গতকাল সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ সরানোর দাবি জানানো হয়েছে। অন্যথায় আন্দোলনের হুমকি দিয়ে বিবৃতিতে বলা হয়, দেশকে অস্থিতিশীল করতেই প্রধানমন্ত্রীর অজান্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে কি না, তা তদন্ত হওয়া জরুরি।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মাওলানা আবদুল মোমিন, মাওলানা মোহাম্মদ ইসহাক, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।