সুপ্রিম কোর্টের রায়ের পরামর্শ অনুসরণ করে নির্বাচন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সুপ্রিম কোর্টের রায়ের পরামর্শ অনুসরণ করে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষে এ পরামর্শ দেওয়া হয়। 

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চলমান রাজনৈতিক সংকট, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, সংলাপ-সমঝোতা ইত্যাদি বিষয়ে বক্তব্য তুলে ধরে ভোটের অনুপাতে আসনসংখ্যা তথা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু এবং ‘না’ ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, দেশকে শুধু দুটি বড় দলের খামখেয়ালির হাতে জিম্মি হয়ে থাকতে দেওয়া যায় না। বিবদমান দুই দলের সমঝোতার জন্য তিনি বিএনপিকে জামায়াতের সংস্রব ত্যাগ করার এবং আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ছাড় দেওয়ার আহ্বান জানান।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি-বাসদ আহূত আগামীকালের জাতীয় সমাবেশের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ওই জাতীয় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশের সর্বত্র সভা-সমাবেশ, মিছিলের মাধ্যমে প্রতিবাদ দিবস পালন করা হবে। এ ছাড়া ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঝটিকা সফরের মাধ্যমে গণ-অভিযান সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলী সদস্য হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।