সুপ্রিম কোর্টের সব প্রবেশপথে কাঁটাতার, ১৪ আইনজীবী আটক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের সব প্রবেশপথ কাঁটাতারের প্রতিবন্ধক দিয়ে আটকে রেখেছে পুলিশ।
ওই এলাকায় যাওয়ার সব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশে উদ্যত অন্তত ১৪ জন আইনজীবীকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনা ও সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে আজ শনিবার সুপ্রিম কোর্টে এ সমাবেশ হওয়ার কথা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার।
গতকাল শুক্রবার সমাবেশের প্রস্তুতিতে বাধা দেয় পুলিশ। রাতে পুলিশ আদালত প্রাঙ্গণে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে নেয়। ওই সময় সমাবেশ ঘিরে অন্যান্য প্রস্তুতিমূলক কাজও বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, রাত ১০টার পর পুলিশ এসে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে দেয়। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়।
আজ সকাল থেকে সুপ্রিম কোর্টের সব প্রবেশপথে অবস্থান নেয় পুলিশ। প্রবেশপথগুলো কাঁটাতারের প্রতিবন্ধক দিয়ে আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের দিকে যেতে সবগুলো সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সমাবেশে অংশ নিতে সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করতে চাইলে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত অন্তত ১৪ জন আইনজীবীকে আটক করেছে পুলিশ। কোনো আইনজীবীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবীদের একটি দল হাইকোর্ট মাজারের দিকের ফটকের সামনে অবস্থান নিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কোনো আইনজীবীকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা নজিরবিহীন।
মাহবুব উদ্দিন খোকন জানান, সমাবেশে অংশ নিতে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার আসার কথা। মাঠে সমাবেশটি করতে না পারলে সুপ্রিম কোর্ট মিলনায়তন বা বার কাউন্সিল মিলনায়তনে করার কথা ভাবছেন তাঁরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেছেন, আজকের সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সমাবেশের প্রস্তুতিকালে বাধা প্রসঙ্গে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।